ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিভার, বন্ধ করা হল চেন্নাই বিমানবন্দর
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুর থেকেই এলোপাথাড়ি হওয়া বইতে শুরু করেছে তামিলনাড়ু ও পুদুচেরির অধিকাংশ এলাকায়। হাওয়া অফিসের পূর্বাভাস, রাতের মধ্যেই ১৪৫ কিলোমিটার গতি বেগে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিভার। তার আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১২ ঘণ্ট
শেষ আপডেট: 25 November 2020 13:47
দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুর থেকেই এলোপাথাড়ি হওয়া বইতে শুরু করেছে তামিলনাড়ু ও পুদুচেরির অধিকাংশ এলাকায়। হাওয়া অফিসের পূর্বাভাস, রাতের মধ্যেই ১৪৫ কিলোমিটার গতি বেগে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিভার। তার আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হল চেন্নাই বিমানবন্দর।
বুধবার সন্ধে সাতটা থেকে বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর থেকে কোনও বিমান ওঠানামা করবে না। পরিস্থিতি বুঝে বৃহস্পতিবার সকালে বিমান পরিষেবা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

একইসঙ্গে চেন্নাইয়ের ১৩টি জেলায় ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ থাকবে বৃহস্পতিবার। সাতটি জেলায় বন্ধ বাস পরিষেবাও। পুদুচেরিতেও একই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সমস্ত গণপরিবহণ বন্ধ থাকবে।
ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলেও। মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি উপকূলবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকতে বলেছেন। তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী এলাকা থেকে লক্ষাধিক মানুষকে আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেমনটা উমফানের সময় বাংলায় করা হয়েছিল।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপের ফলেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায়। স্থলভাগে আছড়ে পড়ার সময়ে তার গতি থাকতে পারে ঘন্টায় ১৩০ কিলোমিটার থেকে ১৪৫ কিলোমিটার।
ইরান এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। প্রভাব পড়বে উত্তর-পূর্ব শ্রীলঙ্কাতেও। তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকল অঞ্চলে জারি হয়েছে রেড অ্যালার্ট। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে মনে করা হচ্ছে।