.webp)
অল্পের জন্য রক্ষা।
শেষ আপডেট: 14 July 2024 23:08
দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন লালগোলা-কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস। বন্ধ লেভেল ক্রসিংয়ে রেললাইনের মধ্যে উঠে পড়েছিল দুটি ছোটো চারচাকার গাড়ি। তারই সঙ্গে ওই দূরপাল্লার এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে হতাহতের কোনও খবর এখনও জানা যায়নি।
কীভাবে বন্ধ লেবেল ক্রসিংয়ে ওই দুটি ছোটো চার চাকার গাড়ি ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদমাধ্যমকে বলেন, “সিগন্যাল না মেনেই দুটি ছোটো গাড়ি রেললাইনের উপরে উঠে পড়েছিল। তাতেই দুর্ঘটনা।" অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
রেল সূত্রের খবর, রবিবার রাত ৮টা ৪০ মিনিট নাগাদ খড়দহ আর সোদপুর স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে। কীভাবে ঘটল দুর্ঘটনা?
রেল সূত্রের খবর, ট্রেন আসার আগে খড়দহ আর সোদপুর স্টেশনের মাঝে ওই লেবেল ক্রসিংয়ের গেট বন্ধ হচ্ছিল। তখনই এক নম্বর রেল স্টেশনের দিকের রেলগেট দিয়ে ঢুকে পড়ে ওই ছোটো চারচাকার গাড়ি দুটি। এদিকে ট্রেন চলে আসায় লেবেল ক্রসিংয়ের অন্যদিকে গেট বন্ধ হয়ে যায়। তারই জেরে এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ছোট চারচাকার গাড়ি দুটির ধাক্কা লাগে।
তবে দুর্ঘটনার আঁচ পেয়ে ছোট গাড়ি দুটি থেকে যাত্রীরা নেমে পড়েছিলেন। ধাক্কার পর বেশ কিছুক্ষণের জন্য ট্রেনটিও থেমে যায়। অসমর্থিত সূত্রের খবর, দুর্ঘটনায় দু'জন আহত হয়েছেন।