
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 14 March 2024 22:10
দ্য ওয়াল ব্যুরো: কপালে গুরুতর আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের উডর্বান ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।
সূত্রের খবর, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান এবং এমআরআইয়ের তোড়জোড় শুরু হয়েছে। আঘাত গুরুতর থাকায় স্টিচ করা হতে পারে। এই মুহূর্তে অ্যাপেলো থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন এসএসকেএম হাসপাতালে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রীও পৌঁছেছেন হাসপাতালে।
বৃহস্পতিবার রাত ঠিক সওয়া ৮টা নাগাদ তৃণমূল কংগ্রেস ফেসবুকে মুখ্যমন্ত্রীর একটি ছবি পোস্ট করে সেই খবর জানিয়েছে। তাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের ঠিক মাঝখানে চোট লেগেছে। সেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে।
সূত্রের খবর, এদিন গড়িয়াহাটের অনুষ্ঠান সেরে বাড়ি ফিরেছিলেন মুখ্যমন্ত্রী। বাড়িতেই কোনওভাবে পা স্লিপ করে পড়ে যান তিনি। তারই জেরে কপালে গুরুতর চোট লাগে। যদিও এ ব্যাপারে অফিসিয়ালি দল বা পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।
তবে এসএসকেএম সূত্রের খবর, কপালে গুরুতর চোট লেগেছে। ইতিমধ্যে রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
একুশের বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও ঠিক লোকসভা ভোটের আগে তিনি কপালে যে চোট পেয়েছেন তা দেখে গা শিউরে ওঠার মতো। কারণ, তাঁর কপালে ও নাকের উপর চোটের দাগ পরিষ্কার। ক্ষত থেকে রক্ত পড়ছে।
কিছুদিন আগে দুর্গাপুরে প্রশাসনিক সভা করে ফেরার সময়ে মাথায় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন তাঁর কনভয়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়েছিল। তাই তাঁর গাড়ির চালক আচমকা ব্রেক কষে। তাতে মুখ্যমন্ত্রীর কপাল গাড়ির উইন্ডস্ক্রিনে ধাক্কা লাগে।
মুখ্যমন্ত্রী পরে জানিয়েছিলেন, তাঁর বাঁ দিকে কাঁচ খোলা ছিল। আর চালক বুদ্ধিমত্তার সঙ্গে ব্রেক কষেছিলেন। নইলে তাঁর মাথা ‘স্ম্যাশ’ হয়ে যেত।