
শেষ আপডেট: 2 August 2023 08:06
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় এলেন সিবিআইয়ের নয়া ডিরেক্টর প্রবীণ সুদ (CBI Director Praveen Sood)। বুধবার সকালে কলকাতায় পৌঁছেই নিজামপ্যালেসে সিবিআইয়ের দফতের যান তিনি। সূত্রের খবর, কলকাতায় পা রেখেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত অফিসারদের নিয়ে আইসিসিআরে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন সিবিআইয়ের নতুন ডিরেক্টর।
রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন, “তদন্ত কি অনন্তকাল ধরে চলবে?” এভাবে অনন্তকাল ধরে তদন্ত চললে, তদন্ত যখন শেষ হবে তখন তার আর সত্যি কোনও প্রয়োজনীয়তা থাকবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন বিচারপতি।
রুদ্ধদ্বার ওই বৈঠকের নাম দেওয়া হয়েছে, ‘সম্পর্ক সভা’। সূত্রের খবর, প্রতিটি তদন্ত বর্তমানে কোন জায়গায় রয়েছে তা জেনে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। একই সঙ্গে প্রতিটি তদন্তের সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গেও আলাপচারিতা সেরে নিতে চাইছেন নয়া ডিরেক্টর। সেকারণেই এদিনের বৈঠকের আয়োজন। তবে কলকাতায় পা রেখেই প্রথম দিনেই নয়া ডিরেক্টর যেভাবে আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন, তাতে তদন্তে গতি আসবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন কলকাতা বিমানবন্দরে নামার পর সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে দুঁদে আইপিএস প্রবীণ দুবে রসিকতার সুরে বলেন, “শুনেছি এখানকার দই খুব টেস্টি! মিষ্টি দই খেতে এসেছি।”
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে চাকরিপ্রার্থীর গলা টিপে ধরার অভিযোগ, উত্তেজনা এমএলএ হস্টেলে