দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে কলকাতা এলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবি শেঠি। আজ সকালের বিমানের কলকাতায় আসেন তিনি। সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমেছেন ডাক্তারবাবু। সৌরভের চিকিৎসার পরবর্তী পদক্ষেপ কী হবে তা উডল্যান্ডের ডাক্তারদের সঙ্গে আলোচনা করেই ঠিক করবেন তিনি।
গত শনিবার একটি স্টেন্ট বসানো হয়েছে মহারাজের শরীরে। তারপরেই অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। সৌরভের হৃদরোগের চিকিৎসায় তৈরি করা বিশেষ মেডিক্যাল বোর্ডের তরফে জানানো হয়েছে, হার্টের বাকি দুটি ধমনীতে যে ব্লকেজ আছে সেখানে এখনই অ্যাঞ্জিওপ্লাস্টি করা নাও হতে পারে। তবুও সৌরভের বাকি দুটি স্টেন্ট বসানো হবে কিনা, সেটা দেবী শেঠী পরীক্ষা করে জানাবেন। সব ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ বুধবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
সৌরভের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে আছেন, ডক্টর সরোজ মণ্ডল, ডক্টর আফতাব খান, ডক্টর এসবি রায়, ডক্টর সপ্তর্ষি বসু, ডক্টর ভবতোষ বিশ্বাস, ডক্টর সৌতিক পান্ডা, ডক্টর আশিস পাত্র, ডক্টর পলাশ কুমার, ডক্টর মালতী পুরকাইত, ডক্টর রূপালি বসু। এছাড়াও ভিডিও কলে সৌরভকে দেখেছেন ডক্টর দেবী শেঠি, ডক্টর রমাকান্ত পাণ্ডা। ফোনে কনসালটেশন দিয়েছেন ডক্টর স্যামুয়েল ম্যাথু। এছাড়াও ডক্টর অশ্বিন মেহতা (মুম্বইযের যশলোক হাসপাতাল), ডক্টর শামিম কে শর্মা (নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতাল)-এর মতামত নেওয়া হয়েছে।
ডাক্তাররা বলেছেন, মহারাজের পালস রেট ও রক্তচাপ স্বাভাবিক। আর কোনও সমস্যা হয়নি তাঁর। শনিবার সারা রাত সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেবিনেই ছিলেন স্ত্রী ডোনা। বেরিয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, ভাল আছেন মহারাজ। কথাবার্তা বলছেন স্বাভাবিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও ফোনে কথা হয়েছে সৌরভের। মোদী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।