দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে, তাঁর পরিবারের তরফে বিশেষ একটি উপহার পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির ব্যবহার করা একটি টুপি এ দিন তুলে দেওয়া হয় মোদীর হাতে। নেতাজির ১২২তম জন্মদিনে এই দুর্লভ উপহারটি পেয়ে, তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদী। সেই সঙ্গে জানা,ন নেতাজির ব্যবহৃত টুপিটি রাখা হবে ক্রান্তি মন্দিরে।
বুধবার, লালকেল্লায় নেতাজির প্রতি শ্রদ্ধা অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এ দিন বলেন, "নেতাজি পরিবারের সদস্যদের অশেষ ধন্যবাদ এমন একটি দুর্লভ উপহার আমার হাতে তুলে দেওয়ার জন্য।" তিনি ওই টুপি সংরক্ষণ করে রাখার কথা জানান, সেই মতো লালকেল্লার ক্রান্তি মন্দিরে তা প্রদর্শনীর জন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
মোদী এর পরেই নেতাজির টুপি হাতে নেওয়া ছবি দিয়ে কৃতজ্ঞতা বার্তা দেন টুইটারে। তিনি বলেন, "দেশের যুব সম্প্রদায়ের কাছে আমার আবেদন, তাঁরা এই ক্রান্তি মন্দিরে আসবেন, নেতাজির জীবনবোধের প্রতি আরও আকৃষ্ট হবেন। কৃতজ্ঞচিত্তে নেতাজিকে স্মরণ করবেন।"
দেখে নিন মোদীর সেই টুইট।
https://twitter.com/narendramodi/status/1087999705353617408
সারা দেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর জন্য, তাঁদের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ করার জন্য লাল কেল্লায় ক্রান্তি মন্দির তৈরি হয়েছে। নেতাজির ব্যবহৃত একি কাঠের চেয়ার ও তলোয়ার আগে থেকেই আছে সেখানে। আছে তাঁর তৈরি করা ইনডিয়ান ন্যাশনাল আর্মির ইউনিফর্ম।
বুধবার সকাল সকালই নেতাজির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করেন মোদী। লেখেন, "আমি নেতাজির জন্মদিবসে আনত শ্রদ্ধা জানাচ্ছে। নেতাজি ভারতের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রচুর লড়াই করেছেন। দেশবাসীকে সম্মান-সহ বাঁচার জন্যও উদ্বুদ্ধ করেছেন তিনি। ওঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি শক্তিশালী দেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।"
যদিও নেতাজির জন্মদিবসকে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হয়নি কেন, এ প্রশ্ন বারবার তুলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "সরকারের অবহেলা দেখে মনে হয়, তারা নেতাজিকে জাতীয় কোনও চরিত্র বলেই মনে করে না।"
প্রসঙ্গত উল্লেখ্য, নেতাজির স্মরণে আন্দামানের তিনটি দ্বীপের নাম পরিবর্তন করেন নরেন্দ্র মোদী। আন্দামানের রস আইল্যান্ড, নীল আইল্যান্ড, হ্যাভলক দ্বীপের নতুন নাম হয় যথাক্রমে সুভাষ, শহিদ ও স্বরাজ দ্বীপ।