
শেষ আপডেট: 11 March 2024 22:18
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগেই সোমবার সন্ধেয় সারা দেশে চালু হয়ে গেল সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কথায়, সিএএ দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ভাল পদক্ষেপ। সিএএ নিয়ে এদিন সরকারের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল।
২০১৯ সালের ডিসেম্বর সাংসদে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব বিল (CAA)। রাষ্ট্রপতি অনুমোদন করার পর সেই বিল এখন আইনে পরিণত হয়েছে। ২০২০ সালে আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু ততদিনে করোনা অতিমহামারীর প্রকোপ শুরু হয়ে গেছে দেশে। এরপর সাতবার বিধি তৈরির মেয়াদ বাড়ানো হয়। আইনে পরিণত হলেও প্রায় সাড়ে চার বছর ধরে সিএএ-র ধারা-উপধারা যুক্ত হয়নি। ফলে বাস্তবে এই আইন কার্যকরও হয়নি। অবশেষে লোকসভা ভোটের আগে দেশে সিএএ কার্যকর করা হল।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এদিন রাজ্যপাল বলেন, “'সংসদে পাশ হয়ে গিয়েছিল। বিধি তৈরির পর এখন কার্যকর হয়। এটা স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। সরকারের খুব ভাল পদক্ষে। দেশের গণতান্ত্রিক ব্যবসা ও আইন-শৃঙ্খলার জন্য খুবই জরুরি।”
রাজ্যপাল বলেন, “আইন পাস হয়েছে, বিধি তৈরি হয়ে গিয়েছে। প্রত্যেক সরকারের আইন মেনে কাজ করা উচিত। সিএএ কী তা না জেনেই অনেক মন্তব্য করা হচ্ছে। আমার মনে হয় আগে সিএএ কী তা পড়ুন, ভাল করে বুঝুন তারপর কথা বলুন। আগে বুঝুন তারপর বলুন।”