দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং এক মন্ত্রীকে অপসারণের দাবিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বাসভবনের সামনে বিরাট বিক্ষোভ করছে শিরোমণি আকালি দল। এদিন সকাল থেকেই আকালি সমর্থকরা ক্যাপ্টেনের বাড়ির সামনে জমায়েত করেন। জলকামান চালিয়েও জমায়েত হঠাতে পারেনি পাঞ্জাব পুলিশ। তারপর বিক্ষোভের মাঝে শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে আটক করা হয়।
ক্ষুব্ধ সুখবীর সিং বলেছেন, “এভাবে আমাকে আটক করে প্রতিবাদের কণ্ঠরোধ করা যাবে না। ক্যাপ্টেনের সরকারের বিরুদ্ধে রাজ্যে ঝড় উঠে গেছে। চেষ্টা করেও তিনি তা সামলাতে পারবেন না।”
প্রসঙ্গত, মাধ্যমিক উত্তীর্ণদের স্কলারশিপে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। গত শিক্ষাবর্ষে ৬৪ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে দাবি বিজেপি, আপ, শিরোমণি আকালি দলের। তা ছাড়া টিকাকরণেও পাঞ্জাব সরকার দুর্নীতি করেছে বলে অভিযোগ তুলেছে আকালি দল।
সুখবীর সিং বাদল দাবি জানিয়েছেন, ভ্যাকসিন নিয়ে পাঞ্জাব সরকার যে তছরুপ করেছে তার সিবিআই তদন্ত করতে হবে। তা ছাড়া পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধুর অপসারণের দাবিও জানিয়েছেন তাঁরা।
দু’দিন আগে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিল আম আদমি পার্টিও। যদিও সেই জমায়েতের তুলনায় এদিনের আকালি দলের জমায়েত আরেবহরে অনেক বড়। কার্যত চণ্ডীগড়ের প্রাণ কেন্দ্র উত্তাল হয়ে উঠেছে আকালি দলের বিক্ষোভে।
শিরোমণি দলের সঙ্গে পাঞ্জাবে বিজেপির জোট ভেঙে গিয়েছে। মোদী মন্ত্রিসভা থেকে কয়েক মাস আগেই তিন কৃষি আইন নিয়ে প্রতিবাদ জানিয়ে ইস্তফা দিয়েছিলেন সুখবীরের পুত্রবধূ তথা শিরোমণি নেত্রী হরসিমরত বাদল। এখন পাঞ্জাবে শিরোমণি দলের সঙ্গে হাত মিলিয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। মায়াবতী এ নিয়ে ক্যাপ্টেনের সমালোচনা করে গত শনিবার বলেছেন, “টিকা নিয়ে পাঞ্জাবে বিস্তর অনিয়ম হয়েছে। আমরা শিরোমণি দলের সঙ্গে হাত মিলিয়েছি। এবার নতুন অধ্যায়ের সূচনা হবে।”