
শেষ আপডেট: 15 September 2023 13:23
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের আগে এশিয়া কাপকে (Asia Cup 2023) খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে দলের পাঁচ তারকাকে বসানো হয়েছে (India vs Bangladesh)। যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের কাছে বড় পরীক্ষা। সেই কাজে সফল শামি, শার্দূলরা। বাংলাদেশকে ২৬৫/৮-তে রুখল ভারতের বোলিং লাইনআপ।
নেহাত কম রান করেনি বাংলাদেশ। রোহিতরা সহজে জিততে পারবেন না। ভারতের বিরুদ্ধে ম্যাচে দারুণ খেললেন অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর ব্যাট থেকে এসেছে ৮৫ বলে ৮০ রান, যার মধ্যে রয়েছে ছয়টি বাউন্ডারি ও তিনটি ছয়। পাশাপাশি রান পেয়েছেন তৌহিদ হৃদয় (৫৪), নাসুম আমেদ (৪৪)।
বাংলাদেশকে শুরুতেই ধাক্কা দিয়েছেন মহম্মদ শামি (২/৩২) ও শার্দূল ঠাকুর (৩/৬৫)। দুই পেসার বিপক্ষকে ঘায়েল করেছেন। ২৮ রানের মধ্যে যে কারণে তিন উইকেট পড়ে যায় বাংলাদেশের। ফিরে যান তানজিদ হাসান (১৩), লিটন দাস (০), আনামুল হক (৪)।
এর মধ্যে মেহেদি হাসানকে ফেরান অক্ষর প্যাটেল। তারপর কঠিন পরিস্থিতি থেকে আসল অধিনায়কের মতো দলকে উদ্ধার করেছেন শাকিব। তিনি ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তাঁকে সহায়তা করেছেন তৌহিদ ও নাসুম। যদিও বাংলাদেশকে টানলেন দুই তরুণ ব্যাটার, টেলএন্ডার মেহেদি হাসান (২৯) ও তানজিম হাসান (১৪)।
এই ম্যাচে যশপ্রীত বুমরা ও সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে এসেছেন শামি ও শার্দূল। তাঁরা সেদিক থেকে সফল হয়েছেন এই পরীক্ষায়। বিশ্বকাপের লক্ষ্যে পুরো দলকে ঘুরিয়ে দেখে নিচ্ছেন রোহিতরা। প্রসিদ্ধ কৃষ্ণা ও অক্ষরের ঝুলিতেও উইকেট রয়েছে।
আরও পড়ুন: বিরাটের জল-তোয়ালে নিয়ে মজার দৌড় ভাইরাল, দলে নেই তবুও শিবিরের ‘চিয়ারলিডার’