দ্য ওয়াল ব্যুরো: কথা না শুনলেই কিন্তু বিপদ। বাইরে অপেক্ষা করছে সাক্ষাৎ যম। বেরোলেই ধরবে খপাত করে। সঙ্গে আবার রয়েছেন চিত্রগুপ্তও। পাপ-পুণ্যের হিসেবে মিলিয়ে তবেই ছাড়বেন। পথনাটিকা বা যাত্রাপালা নয়, অন্ধ্রপ্রদেশের রাস্তায় রাস্তায় লকডাউনের বিধিনিষেধ বোঝাতে এমনই উদ্যোগ নিলেন পুলিশকর্মীরা। তাতে সাড়াও মিলল ব্যাপক।
২১ দিনের লকডাউনে স্তব্ধ দেশ। থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। সংক্রামিতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কও বাড়ছে চরচর করে। লকডাউন বিধি কোথাও মানছে মানুষ, আবার কোথাও সব বিধিনিষেধ শিকেয় তুলে রাস্তাঘাটে দেখা যাচ্ছে মেলা লোকের ভিড়। নরমে-গরমে নাছোড় লোকজনকে বোঝানোর গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন পুলিশকর্মীরা। শুরুতে লাঠিপেটা, বা কান ধরে ওঠবোস হলেও এখন পুলিশ অনেকটাই নরম। কেউ মাথায় করোনা-হেলমেট চাপিয়ে, কেউ দেশাত্মবোধক গান গেয়ে আবার কোথাও ফুল বিলি করে মানুষজনকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন পুলিশকর্মীরা। রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে, ২৪ ঘণ্টা কড়া নজর পুলিশের। ধমকধামকের বদলে ব্যতিক্রমী চিন্তাভাবনায় জনসাধারণের মন জয় করে নেওয়ার চেষ্টা করছেন, তাঁদের সতর্কও করছেন।
https://twitter.com/Ashi_IndiaToday/status/1245241996320489472?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1245241996320489472&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fandhra-pradesh-police-hires-yamraj-to-ask-people-to-stay-at-home-watch-video-1662220-2020-04-01
বুধবার অন্ধ্রপ্রদেশের রাস্তায় এমনই এক ব্যতিক্রমী নজির গড়লেন পুলিশকর্মীরা। লকডাউনের বিধি বোঝাতে যমরাজ-চিত্রগুপ্তের বেশে হাজির করলেন স্থানীয় শিল্পীদের। এক সাংবাদিক তাঁর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করেছেন। কুর্নুল জেলার সার্কল ইনস্পেকটর সুধাকর রেড্ডি জানিয়েছেন, স্থানীয় শিল্পী বালিজা, শঙ্কর ও শেখর, এই তিনজনেই সেজেছেন যমরাজ, চিত্রগুপ্ত ও যমরাজার সেনা। পুলিশের গাড়িতে চেপে এক হাতে গদা ঘুরিয়ে, অন্যহাতে মাইক ধরে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে।
https://twitter.com/Ashi_IndiaToday/status/1245201645908021249?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1245201645908021249&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fandhra-pradesh-police-hires-yamraj-to-ask-people-to-stay-at-home-watch-video-1662220-2020-04-01
“যদি খারাপ কর্ম করে থাকো তাহলে রাস্তায় নামো। চিত্রগুপ্ত তোমাদের পাপ-পুণ্যের বিচার করবে। আর যদি ভালভাবে জীবন কাটাতে চাও, সুস্থ থাকতে চাও তাহলে বাড়িতেই থাকো,” রাস্তায় রাস্তায় ঘুরে স্লোগান দিচ্ছেন যমরাজা। কাওকে এদিক ওদিক ঘুরতে দেখলেই গদা ঘুরিয়ে পাকড়াও করছেন। চোখ পাকিয়ে বকাবকি করে আবার বাড়িতে ঢুকিয়ে দিচ্ছেন।
সার্কল ইনস্পেকটর সুধাকর রেড্ডি বলেছেন, করোনাভাইরাসের ভয়ঙ্কর দিক বোঝাতে এমনই উদ্যোগ নেওয়ার কথা ভাবা হয়েছে। তাতে আতঙ্কিত মানুষের মনোরঞ্জনও হবে, আবার লোকজন লকডাউনের গুরুত্বও বুঝতে পারবেন।