
অমিত শাহ
শেষ আপডেট: 24 October 2024 23:26
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনে, মঙ্গলবারই তাঁকে ইমেল পাঠান আরজি করে নির্যাতিতার বাবা। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শাহের সঙ্গে একবার বৈঠকে বসার আর্জিও জানানো হয় চিঠিতে। এবার সেই সাক্ষাৎ হতে চলেছে বলে জানা গিয়েছে।
নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য অমিত শাহকে চিঠি পাঠানো হয়েছিল রাজ্য বিজেপির তরফেও। সূত্রের খবর, সেই সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী রবিবার কলকাতায় আসছেন তিনি। ওই দিনই ঠাসা কর্মসূচির মাঝে সোদপুর পানিহাটির বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন শাহ।
আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-হত্যার পরে আড়াই মাস কেটে গেলেও বিক্ষোভের রেশ এখনও টাটকা। মর্মান্তিক এই ঘটনার বিচারপ্রক্রিয়া চলছে সিবিআইয়ের অন্দরে। একের পর এক শুনানি চলছে শিয়ালদহ আদালত ও সুপ্রিম কোর্টেও। প্রতিবাদের চরম পদক্ষেপ হিসেবে জুনিয়র ডাক্তাররা অনশনও করেছেন।
এবার দিল্লির তরফে প্রশাসনের হয়ে পরিবারের সঙ্গে দেখা করবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। অনেকেই মনে করছেন, আন্দোলনকে এভাবেই রাজনৈতিক হাতিয়ার করে একটা জায়গা করতে চাইছে রাজ্য বিজেপি। তাই অমিত শাহর সঙ্গে পরিবারের সাক্ষাৎ নিয়ে এই সক্রিয়তা।
মঙ্গলবারের চিঠিতে অভয়ার বাবা জানিয়েছেন, অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত তাঁরা। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পরিষ্কার জানিয়েছেন, 'মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। আমাদের অসহায় লাগছে।'
নির্যাতিতার বাবা আর জানিয়েছেন, ‘আমি ও আমার স্ত্রী একবার আপনার সঙ্গে দেখা করে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই এবং আপনার সাহায্য প্রার্থনা করি। আপনি যদি কিছুক্ষণ আমাদের সময় দেন উপকৃত হব।’ ইমেলের শেষে আগে থেকে সময় জানানোর আর্জি জানিয়ে ‘অভয়ার’ বাবা লেখেন, 'একটু আগে থেকে সময় জানতে পারলে আমি ও আমার স্ত্রী প্রস্তুতি নেব। সোমবার শাহের বঙ্গ সফর বাতিল করা হয়।'