
শেষ আপডেট: 20 March 2023 17:53
দ্য ওয়াল ব্যুরো: ফের গণছাঁটাই হতে চলেছে অ্যামাজনে (Amazon Layoffs)। বিশ্বজুড়ে আর্থিক মন্দার জেরে একের পর এক কোম্পানি তাদের কর্মী সংখ্যা কমানো শুরু করেছে। একসঙ্গে চাকরি যাচ্ছে বহু কর্মীর। এবার ই-কমার্স কোম্পানি অ্যামাজন দ্বিতীয়বার গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। চাকরি যাচ্ছে ৯ হাজার কর্মীর (9000 Employees)।
চলতি বছরের জানুয়ারি মাসেই বিশ্বজুড়ে ১৮ হাজার কর্মী ছেঁটে ফেলেছিল অ্যামাজন। সেইসময় কোম্পানি জানিয়েছিল, ব্যয় কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তারপরও অ্যামাজন যে আর্থিক সঙ্কট যে কাটিয়ে উঠতে পারেনি তা দ্বিতীয় দফায় ছাঁটাইয়ের সিদ্ধান্ত থেকে স্পষ্ট।
সংবাদমাধ্যম সূত্রে খবর, অ্যামাজনের সিইও অ্যান্ডি জাসি তার কর্মীদের একটি মেসেজ পাঠিয়ে এই ছাঁটাইয়ের কথা বলেছেন। সেই মেসেজে তিনি জানিয়েছেন, অ্যামাজন এখন খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই খরচ কমাতে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।
সামনের কয়েক সপ্তাহের মধ্যেই এই ছাঁটাই হবে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। কিন্তু কেন ফের এত ছাঁটাই করছে অ্যামজন? সিইওর কথায়, গত কয়েক বছরে কোম্পানিতে অনেক বেশি নিয়োগ করা হয়েছে। তাতে খরচ অনেকটাই বেড়ে গেছে। এই আর্থিক মন্দার বাজারে খরচ কমাতেই বাড়তি কর্মী ছাঁটাই করা হচ্ছে।
সম্প্রতি, ফেসবুকের মাদার কোম্পানি মেটাও বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা শুরু করেছে। বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন মার্ক জুকারবার্গ। শুধু মেটা নয়, হটস্টার ডিজনিও একই পথে হেঁটেছে।
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার খ্রিস্টান ধর্মযাজক, উত্যক্ত করতেন ভিডিও কলে