
শেষ আপডেট: 9 June 2023 15:36
দ্য ওয়াল ব্যুরো: প্রায় দেড়বছর বাদে ভারতীয় দলে ফিরে সফল হলেন অজিঙ্ক্যা রাহানে। তাঁকে ভারতীয় নির্বাচকরা বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। এবারে আইপিএলের সময় টেস্ট বিশ্বকাপের ফাইনালের দল নির্বাচনের পরেও বলা হয়েছিল, আবার রাহানে! জুনিয়রদের দিকে তাকানো উচিত ছিল না। কিন্তু পুরনো চাল ভাতে বাড়ে, এই কথাটিকে ফের প্রমাণ করলেন মুম্বইয়ের ধ্রুপদী ব্যাটার।
রাহানে মানেই লড়াই, তিনি শূন্য থেকে শুরু করে আকাশ স্পর্শ করতে পারেন। ওভালে শুক্রবার তাঁর ৮৯ রানের সবটাই নিখুঁত বলা যাবে না, দু’বার বেঁচেছেন। কিন্তু বিপক্ষের ভুলের পরে এগিয়ে যাওয়াও তো বজ্রকঠিন মানসিকতার পরিচয় দেয়।
রাহানে যে সময় উইকেটে এসেছিলেন, ৭১ রানে চার উইকেট পড়ে গিয়েছে। কোহলি ফিরেছেন ১৪ রানে। তারপর একটা দিকে উইকেটে পড়ে থেকে রাহানে হয়ে উঠেছেন ভরসাস্থল। সঙ্গী শার্দূলকে সঙ্গী করে তিনি ভারতকে ম্যাচে লড়াইয়ের মতো জায়গায় পৌঁছে দিয়েছেন।
অথচ রাহানেকে বোর্ডের চুক্তিতে রাখা হয়নি। তিনি এর আগে অস্ট্রেলিয়ার মাঠে, ইংল্যান্ডের মাঠে টেস্টে সফল। তারপরেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তাঁকে দলে রাখা হয়নি। শুধুই বাদ দেওয়া হয়েছে বয়সের কথা বলে। অথচ তিনি দলের নেতা হিসেবেও সফল, আবার সিনিয়র ব্যাটার হিসেবেও।
রাহানের ব্যাটিং দেখে রবি শাস্ত্রী বলেছেন, ও যেভাবে খেলে, তাতে করে মনেই হবে না এই পিচে খেলা কতটা কঠিন। সাবাশ জিঙ্কস। সানি গাভাসকারও বিরাট কোহলিকে ঠুকে জানান, রাহানে সফল হলেও বুক বাজায় না, জাহির করে না নিজেকে। নিজেকে নীরব যোদ্ধা হিসেবেই প্রমাণ করতে ভালবাসে।