
শেষ আপডেট: 1 November 2023 16:40
দ্য ওয়াল ব্যুরো: ফের উদ্ধার হল তাজা বোমা। ঘটনাস্থল বীরভূমের নানুর। সেখানেই চাষের খেতের পাশের জঙ্গলে একটি ড্রামের মধ্যে বোমা রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বোমাগুলি উদ্ধার করে পুলিশ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (বিকেল সাড়ে চারটে) উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।
ঘটনাটি নানুরের বাসাপাড়া এলাকার তাখরা গ্রামের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের একটি চাষের জমির ধারের ঝোপ থেকে এক ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় নানুর থানার পুলিশ। সূত্রের খবর, গোপন সূত্রে পুলিশের একটি দল ঝোপের মধ্যে বোমা রাখার খবর পায়। সেই অনুযায়ী, অভিযান চালায়। এরপর তাখরা গ্রামের একটি চাষের জমির পাশে জঙ্গলের মধ্যে পুলিশ বোমা ভর্তি ড্রামটি খুঁজে পায় । বোমাগুলিকে নিষ্ক্রিয় করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
বোমা নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। সিআইডির বম্ব স্কোয়াড আসার পরই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হবে বলে জানা গিয়েছে। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় ওই গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত, গত পঞ্চায়েত ভোটের আগে একাধিকবার বীরভূমের বিভিন্ন জায়গায় তাজা বোমা উদ্ধার হয়। কিন্তু কাউকে গ্রেফতারের ঘটনা সেভাবে নজরে আসেনি। ভোটের কয়েক মাসের মধ্যে এবার ফের উদ্ধার হল বোমা।