
শেষ আপডেট: 25 May 2023 09:49
দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অবস্থার অবনতি হয়েছে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা আপ নেতা সত্যেন্দ্র জৈনর (Satyendar Jain)। তিহাড় জেলে এদিন ভোরবেলা পা পিছলে পড়ে গিয়েছিলেন তিনি। পিঠে, কাঁধে ও বাঁ পায়ে চোট পান। জেল সূত্রে জানা গেছে, পড়ে গিয়ে আঘাত এতটাই গুরুতর ছিল যে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। প্রথমে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি ছিলেন সত্যেন্দ্র। এখন তাঁকে দিল্লি লোক নায়েক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে, আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি।
গত বেশ কয়েকদিন ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। কয়েকদিন আগে মেরুদণ্ডের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন দীনদয়াল হাসপাতালেই। সেই সময় চিকিৎসকরা সত্যেন্দ্রের একাধিক শারীরিক পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শ মতো গত ২২ মে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আপ নেতাকে। এর পরেই জেলেই ফিরে আসেন তিনি। জেলের মধ্যে সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি করে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। গরমের ছুটির জন্য সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় সত্যেন্দ্রের আইনজীবীকে অবসরকালীন বেঞ্চে আবেদনের জন্য পরামর্শ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে ইডিকেও নোটিস ধরানো হয়েছিল। সেই আবেদন জমা পড়ার কয়েকদিনের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন সত্যেন্দ্র জৈন।
নানারকম শারীরিক অসুস্থতা ধরা পড়েছে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর। সত্যেন্দ্রর আইনজীবী ও আপের তরফে দাবি করা হয়েছে, সত্যেন্দ্রর স্বাস্থ্য একেবারেই ভাল নেই। জেলে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাঁর ওজন প্রায় ৩৫ কেজি কমে গেছে। রাতে ঘুম হয় না তাঁর। ঘুমোতে গেলে বুকে চাপ লাগে, ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে যায়। স্লিপ অ্যাপনিয়াও নাকি দেখা দিয়েছে তাঁর। ঘুমোতে গেলে বাইপ্যাপ লাগে। এদিকে মেরুদণ্ডের ব্যথা বেড়েছে। স্নায়ুর সমস্যাও দেখা দিয়েছে। অবসাদেও নাকি ভুগছেন সত্যেন্দ্র। তাঁর একাধিক রক্ত পরীক্ষা, এমআরআই করানো হয়েছে। পড়ে যাওয়ার পরে তাঁর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।
https://twitter.com/AamAadmiParty/status/1661633578218954752?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1661633578218954752%7Ctwgr%5E6457835b89fa71cc03d21958980ebe94a502c937%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Fcities%2Fdelhi%2Faap-satyendar-jain-oxygen-support-tihar-jail-8628180%2F
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলছেন, "যে মানুষটা জনগণকে সুস্বাস্থ্য ও সুচিকিৎসা দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করত, সেই আজকে মৃতপ্রায়। একজন স্বৈরাচারী সেই ভাল মানুষটাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সেই স্বৈরাচারীর একটাই উদ্দেশ্য, সকলকে শেষ করে ফেলা। সে নিজেকে ছাড়া আর কিছু চেনে না। সত্যেন্দ্রর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। ভগবান ওকে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি দিন। "