
শেষ আপডেট: 19 November 2022 05:57
দ্য ওয়াল ব্যুরো: জেল খাটছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা (AAP Minister) সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)। টাকা পাচারের গুরুতর অভিযোগে তিহার জেলে (Tihar Jail) রয়েছেন তিনি। সত্যেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ এতটাই গুরুতর যে, বারবার তিনি জামিন চাইলেও তা খারিজ হয়ে যাচ্ছে। তবে জেলবন্দি মন্ত্রী কিন্তু তোফা রয়েছেন জেলে। অন্তত এমনটাই দাবি বিজেপির। একটি ভিডিও প্রকাশ করে তারা দাবি করেছে, জেলের ভিতরেই সত্যেন্দ্র জৈনকে রীতিমতো ম্যাসাজ (Massage) করে দেওয়া হচ্ছে। ভিডিও দেখে মনে হচ্ছে, সাধারণ কেউ নন, পেশাদার ম্যাসিওরকে দিয়েই করানো হচ্ছে এই কাজ।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই তিহার জেলের সুপারিন্টেন্ডেন্ট অজিত কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, জেলবন্দি মন্ত্রীদের জন্য নিয়মিত ভিআইপি পরিষেবার ব্যবস্থা করে চলেছেন তিনি। এই নিয়ে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর।
সেই অভিযোগের পরেই সামনে এল আরও এক প্রমাণ। মন্ত্রী সত্যেন্দ্র জৈনের সেলে থাকা এক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে, ম্যাসাজের আরাম নিচ্ছেন তিনি। দেখুন সেই ভিডিও।
এ বছর মে মাসে টাকা তছরূপ এবং হাওয়ালা লেনদেন মামলায় আপ মন্ত্রিসভার সদস্য সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে ইডি। তার পর থেকে তিহারেই আছেন তিনি। তবে সেখানেও যে তাঁর বিলাসবহুল জীবনই কাটছে, তা ভাবতে পারেননি কেউ।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গেছে, সত্যেন্দ্র জৈন একটি বেডে শুয়ে আছেন। আরাম করে কাগজপত্র দেখছেন তিনি। আর তাঁর পায়ে, পিঠে, মাথায় খুব ভাল করে ম্যাসেজ করে দেওয়া হচ্ছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি দাবি করেছে, 'জেলের ভিতর এরকম ভিআইপি পরিষেবা! কেজরীওয়াল এই মন্ত্রীর হয়েও কথা বলবেন নাকি! এটাই আপের আসল চেহারা।' ভিডিওটির সত্যতা যাচাই করেনি 'দ্য ওয়াল'।
আপের তরফে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে, ভিত্তিহীন ও আজব দাবি করছে বিজেপি।
'থার্ড ডিগ্রি' দূরের কথা, আফতাবকে কোনওরকম জোর করা যাবে না! কড়া নির্দেশ আদালতের