
শেষ আপডেট: 26 March 2023 02:28
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভয়ঙ্কর টর্নেডোয় (tornado) বিপর্যস্ত হয়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি (Mississippi)। একেবারে তছনছ হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর, সেদেশের সময় অনুযায়ী, শুক্রবার গভীর রাতে গোটা মিসিসিপি জুড়ে আছড়ে পড়ে টর্নেডো। এই ঝড়ে আগেই ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এখন মৃতের সংখ্যা আরও বেড়েছে। আহতের সংখ্যা অসংখ্য। মার্কিন প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যে ১০০ জনেরও বেশি মানুষ এইমুহূর্তে গৃহহীন অবস্থায় রাস্তায় বসে আছেন।
এই প্রবল ঝড়ের দাপটে ইতিমধ্যে চার জনের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। সূত্রের খবর, এই ভয়াবহ টর্নেডোতে প্রায় ১০০ মাইল (১৬১কিলোমিটার) এলাকা জুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মূলত পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি শহরে এই টর্নেডোর প্রভাব সবথেকে বেশি পড়েছে। সেখানে প্রায় ২০০ মানুষের বসবাস। পাশাপাশি রোলিং ফর্কেও টর্নেডোর জেরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেই অঞ্চলে জনসংখ্যা প্রায় ১৭০০। ইতিমধ্যে মিসিসিপির বেশ কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি হয়েছে।
মিসিসিপি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, "মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। একাধিক শহর লন্ডভন্ড হয়ে পড়েছে। এখনও বিস্তীর্ণ এলাকায় উদ্ধারকারী দল কাজ করছে।" রোলিং ফর্কের মেয়র এলড্রিজ ওয়াকার জানিয়েছেন, "আমার শহর একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তবে আমরা আবার ঘুরে দাঁড়াব।" এই বিধ্বংসী ঝড়ের মুখে পড়ে মাথায় হাত সাধারণ মানুষেরও। অনেকেই এইমুহূর্তে ঘরছাড়া। প্রবল ঝড়ে তাঁদের বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গিয়েছে। এমতাবস্থায় প্রশাসনের ভরসাতেই দিন কাটাচ্ছেন তাঁরা।
হোয়াটসঅ্যাপ গ্রুপে ধর্মবিদ্বেষী পোষ্ট, এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল পাক আদালত