
শেষ আপডেট: 31 October 2023 19:37
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্ত্রীকে খুন করার পরে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের পণ্ডিতজি কলোনিতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনিমা সাহা। অনিমার সঙ্গে ৪২ বছরের অরবিন্দ সাহার বিয়ে হয় কয়েক বছর আগে। গত কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে অরবিন্দের অশান্তি চলছিল।
অনিমার বাপেরবাড়ির আত্মীয়দের দাবি, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন অনিমা। কয়েকদিন আগে এক মহিলার সঙ্গে স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখেও ফেলেন। এরপরেই অশান্তি চরমে ওঠে। এই ঘটনার পর থেকে স্বামীর সঙ্গে এক ঘরে থাকতেন না অনিমা। পাশের একটি ঘরে আলাদা ঘুমোতেন।
অভিযোগ সোমবার রাতে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে অরবিন্দ। এরপরেই প্রমাণ লোপাটের জন্য স্ত্রীর দেহ নির্জন জায়গায় নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে সে। ওই সময় অরবিন্দকে দেখে ফেলেন কয়েকজন গ্রামবাসী। তাতেই ধরা পড়ে যায় অভিযুক্ত।
গ্রামের মানুষ তাকে আটক করে পুলিশ ডাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসীরা অরবিন্দকে তাদের হাতে তুলে দেন। তাঁরা অভিযুক্তের চরম শাস্তি দাবি করেছেন। পুলিশ মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।