সল্টলেকে ভেঙে পড়ল তিন হাজার লিটারের পানীয় জলের ট্যাঙ্ক! ভোগান্তি এলাকাবাসীর
দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের সিসি ব্লকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পানীয় জলের ট্যাঙ্ক। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আবাসনের ট্যাঙ্কটি ভেঙে পড়ায় গোটা এলাকায় তোলপাড় পড়ে যায়। ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি।
কয়েক দিন আগেই বাঁকুড
শেষ আপডেট: 12 March 2020 05:34
দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের সিসি ব্লকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পানীয় জলের ট্যাঙ্ক। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আবাসনের ট্যাঙ্কটি ভেঙে পড়ায় গোটা এলাকায় তোলপাড় পড়ে যায়। ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি।
কয়েক দিন আগেই বাঁকুড়ার সারেঙ্গায় এমনই ঘটনা ঘটেছিল। এবার ফের ঘটল একই রকম বিপত্তি। তাও আবার খোদ সল্টলেকের বুকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ১০-১৫ বছর ধরে কোনও রক্ষণাবেক্ষণই হয় না সিসি ব্লকের ওই পানীয় জলের ট্যাঙ্কের। আজকের ঘটনায় কারও মৃত্যুও হতে পারত বলে দাবি করেছেন তাঁরা। প্রশাসনিক উদাসীনতার জন্যই এমনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে হঠাৎই বিকট এক শব্দ শোনা যায়। সবাই বেরিয়ে এসে দেখেন, হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সিসি ব্লকের ওই বিশাল বড় জলের ট্যাঙ্ক। ধুলো-ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে অনেকেই ঘর থেকে বাইরে বেরিয়ে যান।
তিন হাজার লিটার জল ধরত ট্যাঙ্কটিতে। অভিযোগ, এর আগেও একাধিক বার ট্যাঙ্কের বিভিন্ন অংশের চাঙড় খসে পড়ত। কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি বলেই দাবি করেছেন বাসিন্দারা। ঘটনার পরেই জলে ভরে যায় এলাকার অনেকটা অংশ। সমস্যায় পড়েন বাসিন্দারা।

মাস দেড়েক আগেই বাঁকুড়ার সারেঙ্গায় ফতেডাঙা গ্রামে এভাবেই ভেঙে পড়েছিল একটি নতুন জলের ট্যাঙ্ক। জলমগ্ন হয়ে যায় পাশের ক্ষেত এবং রাস্তাঘাট। স্থানীয়দের অভিযোগ ছিল, ট্যাঙ্কটি নির্মাণে গাফিলতি ছিল। নির্মাণকারী ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন গ্রামবাসীরা।