দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপি আর)-এর বিরুদ্ধে প্রস্তাব পাশ হল দিল্লি বিধানসভায়। একইসঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি-র বিরুদ্ধেও প্রস্তাব পাশ করানো হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর বিধায়কদের জিজ্ঞাসা করেছিলেন, আপনাদের কি বার্থ সার্টিফিকেট আছে? দিল্লির মোট ৭০ জন বিধায়কের ৬১ জনই বলেছেন, নেই। কেজরিওয়াল বলেন, তাঁর নিজেরও বার্থ সার্টিফিকেট নেই। তাঁর পরিবারের অনেকেরও নথিপত্র নেই।
পরে কেজরিওয়াল বলেন, আমাদের বিধানসভায় প্রস্তাব পাশ করে বলা হয়েছে, আমরা দিল্লিতে এনপিআর করতে দেব না। তাঁর কথায়, "আমি, আমার স্ত্রী, আমার মন্ত্রিসভার প্রায় সব সদস্যেরই বার্থ সার্টিফিকেট নেই। আমরা নাগরিকত্ব প্রমাণ করতে পারব না। আমাদের কি ডিটেনশন সেন্টারে পাঠানো হবে?"
পরে তিনি বলেন, "আমি কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছি, এনপিআর এবং এনআরসি প্রত্যাহার করুন।" কেন্দ্রীয় মন্ত্রীদের চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, "আপনারা আগে কাগজ দেখান।" দিল্লি বিধানসভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, এনপিআর এবং এনআরসি সর্বত্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। অনেকেই ভাবছেন, নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে তাঁদের ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, ৯০ শতাংশ ভারতীয়ের উপযুক্ত কাগজপত্র নেই। বৃহস্পতিবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এনপি আরের জন্য কোনও নথিপত্রই লাগবে না। তাঁর কথায়, "কোনও নথি জমা দিতে হবে না। কোনও ব্যক্তি তাঁর ইচ্ছামতো তথ্য দেবেন। ফর্মের বাকি ঘরগুলি শূন্য থাকবে।"
এর আগে এনপিআর-এর কাজে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁরা দেখেছেন আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট সংক্রান্ত তথ্য দিতে কারও কোনও সমস্যা নেই। কেবলমাত্র প্যান সংক্রান্ত তথ্য দিতে তাঁরা চাইছেন না। এই সমস্যা হওয়ার জন্য এনপিআর-এর সময় প্যান সংক্রান্ত কলাম বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই দেশজুড়ে ৭৩টি জেলা থেকে প্রায় ৩০ লক্ষ লোকের তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এনপিআর-এর সময় আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। সংবাদমাধ্যমের সামনে বলা হয়েছে, “অনেক জায়গায় বলা হচ্ছে এনপিআর-এর সময় আধার, পাসপোর্ট, ভোটার আইডি সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সবাইকে জানানো হচ্ছে, এটা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে এই সংক্রান্ত তথ্য নাও দিতে পারেন।”
১ এপ্রিল থেকে দেশজুড়ে এই এনপিআর-এর কাজ শুরু হওয়ার কথা। শুক্রবার দিল্লির আম্বেদকর ভবনে স্বরাষ্ট্রমন্ত্রকের ডাকে এই সংক্রান্ত বৈঠকে বাংলা ছাড়া হাজির হয়েছে সব রাজ্য।