দ্য ওয়াল ব্যুরো : লং লিভ অটলজি। অটলবিহারী বাজপেয়ী অমর রহে। এই ধ্বনি দিয়ে শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষযাত্রায় পা মেলাল হাজার হাজার মানুষ। তার আগে প্রয়াত নেতার উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, বাজপেয়ীর দীর্ঘকালের বন্ধু লালকৃষ্ণ আদবানি।
প্রতিবেশী দেশগুলি থেকে বাজপেয়ীর উদ্দেশে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক, নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি, শ্রীলঙ্কার কার্যনির্বাহী বিদেশমন্ত্রী লক্ষণ কিরিয়েল্লা, বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি, পাকিস্তানের আইনমন্ত্রী আলি জাফর প্রমুখ।
বাজপেয়ীর দেহ রাখা হয়েছিল বিজেপির সদর দফতরে। সেখান থেকে রাষ্ট্রীয় স্মৃতিস্থল পর্যন্ত পুরো রাস্তাই প্রাক্তন প্রধানমন্ত্রীর শবানুগমন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি।