
শেষ আপডেট: 23 January 2023 03:00
দ্য ওয়াল ব্যুরো: বিহারে (Bihar) ফের বিষমদ কাণ্ড (spurious liquor)। মাস খানেক আগেই ছাপড়ায় বিষমদ খেয়ে প্রাণ গিয়েছিল প্রায় ৭০ জনের। তার এক মাস কাটতে না কাটতেই রবিবার বিষমদ খেয়ে প্রাণ গেল ২ জনের (2 dead)। অসুস্থ প্রায় ১২ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
এবারের ঘটনাস্থল সিওয়ান (Siwan) লাকারি নবীগঞ্জ এলাকা। সিইওয়ানের সাব ডিভিশনাল পাবলিক গ্রিভ্যান্স অফিসার অভিষেক চন্দন জানিয়েছেন, রবিবার বিষাক্ত মদ খাওয়ার পরেই মৃত্যু হয় একজনের। অসুস্থ হয়ে পড়েন অন্তত ১২-১৩ জন। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সিইওয়ান হাসপাতালে আরও পাঁচজনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি।
মৃতদের নাম জনক বিন এবং নরেশ বিন। দুজনেই নবীগঞ্জের বালা গ্রামের বাসিন্দা। রবিবার রাতে বিষমদ খাওয়ার পর দুজনেরই পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়, দৃষ্টি ক্ষীণ হয়ে আসতে থাকে। একজনের মৃত্যু হয় কিছুক্ষণের মধ্যেই। অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, আগেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে
এই ঘটনা সামনে আসার পরেই গ্রামে ক্যাম্প তৈরি করে টহল দিতে শুরু করেছে পুলিশ।
গত ডিসেম্বর মাসেই বিহারের ছাপড়ায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছিল ৭০-এরও বেশি মানুষের। ১৪ ডিসেম্বর প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল মৃতের সংখ্যা। তার এক সপ্তাহ পর, ২১ ডিসেম্বর দানাপুরের একটি নর্দমা থেকে লুকিয়ে রাখা অজস্র মদের বোতল উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার এক মাসের মাথায় ফের বিষাক্ত মদ খেয়ে প্রাণহানির ঘটনা ঘটল।
প্রসঙ্গত, ২০১৬ সালের এপ্রিল মাস থেকেই বিহারে মদ বিক্রি এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে নীতিশ প্রশাসন। তারপর থেকে প্রকাশ্যে মদ্যপানের ঘটনা বন্ধ হলেও লুকিয়ে চুরিয়ে বিষাক্ত মদ তৈরি, বিক্রি,খাওয়া এবং সেই সংক্রান্ত মৃত্যুর একাধিক ঘটনা সামনে এসেছে।
আমেরিকায় চিনা নববর্ষের অনুষ্ঠানে গুলি চালিয়েছিল, আত্মহত্যা করল সন্দেহভাজন ‘বৃদ্ধ’