
রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কার্যত সমুদ্রে পরিণত হয়েছে
শেষ আপডেট: 27 February 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: সম্মান আগেই ডুবে গিয়েছিল। এবার প্রবল বৃষ্টিতে সেটারই কার্যত সলিল সমাধি হল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু, ব্যাপক বৃষ্টির কারণে এই ম্যাচে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত এই ম্যাচটি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দলই ইতিমধ্যে বিদায় নিয়েছে। সেইদিক থেকে বৃহস্পতিবারের ম্যাচটা যে নেহাতই সম্মানরক্ষার ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। এই দুটো দলের কেউই একটাও ম্যাচ জিততে পারেনি। সেকারণে এই ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। কারণ যে দল এই ম্যাচটা জিততে পারত, তারা কিছুটা হলেও সম্মান পুনরুদ্ধার করতে পারত। কিন্তু, বরুণদেবের কৃপায় সেটাও আর সম্ভব হল না।
এই ম্যাচে বাংলাদেশের থেকে খাতায়-কলমে পাকিস্তানই এগিয়ে ছিল। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত ৩৯ ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ৩৪ ম্যাচে পাকিস্তান জয়লাভ করেছে। অন্যদিকে বাংলাদেশ জিতেছে মাত্র পাঁচটি ম্যাচ। রাওয়ালপিন্ডিতে এই দুটো দলের মধ্যে একটাই ম্যাচের আয়োজন করা হয়েছে। সেটাও পাকিস্তান জিতেছিল। এই দুটো দলের মধ্যে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে পাকিস্তান তিনটে এবং বাংলাদেশ দুটো ম্যাচে জয়লাভ করেছে।
এই পরিস্থিতিতে ভারত এবং নিউজিল্যান্ড টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে। তবে সেমিফাইনালের আগে আগামী ২ মার্চ এই দুটো দলকে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটা খেলতে হবে। এই ম্যাচে যে দল জয়লাভ করবে, পয়েন্টস টেবিলে তারা শীর্ষস্থানে উঠে আসবে। তারপরই শেষ চারের লড়াইয়ে কোন দলের বিরুদ্ধে খেলতে নামবে, তা জানা যাবে।