
শেষ আপডেট: 31 October 2023 21:43
দ্য ওয়াল ব্যুরো: ইডেনেই বিশ্বকাপ ক্রিকেট থেকে প্রথম কোনও দল ছিটকে গেল। বাংলাদেশ হারল সাত উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশের ২০৪ রানের জবাবে পাকিস্তান তিন উইকেটে জয়ের রান তুলে ম্যাচ জিতে নিয়েছে।
বাংলাদেশের অবস্থা ভাল নয়। আগের ছয় ম্যাচে মাত্র জয় একটি। পাকিস্তানও টানা চার ম্যাচে হেরে ছিল কোণঠাসা। ১০৫ বল আগেই ম্যাচ জিতে অক্সিজেন পেলেন বাবররা। তাঁদের সামনে এখনও শেষ চারের সুযোগ রয়েছে। বাকি ম্যাচে পাক দলকে হারলে চলবে না।
সাত ম্যাচে এটি পাকিস্তানের তৃতীয় জয়। সমান ম্যাচে বাংলাদেশের ষষ্ঠ হার। কাগজে-কলমে এখনও পাকিস্তানের সেমিফাইনালের সম্ভাবনা আছে। বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে বিদায় হয়ে গেল এই ম্যাচ হেরে। তাদের বাকি দুটি ম্যাচ নিয়মরক্ষার হয়ে গেল।
ইডেন গার্ডেনসে পাকিস্তানের লক্ষ্য ছিল মাত্র ২০৫ রানের। ওপেনিং জুটিতেই তারা তুললো ১২৮ রান। অবশেষে সেই ওপেনিং জুটিটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আবদুল্লাহ শফিককে এলবিডব্লিউ করে ফেরালেন এই অফস্পিনার। ৬৯ বলে ৯ চার আর ২ ছক্কায় শফিক করেন ৬৮ রান।
পাকিস্তানের যে ৩ উইকেট পড়েছে সবকটিই নিয়েছেন মিরাজ। বাবর আজমকে তিনি ফেরান ৯ রানে, আউট করেন সেট ব্যাটার ফখর জামানকেও। ৭৪ বলে ৮১ রানের ইনিংস খেলে ফর্মে ফেরা ফখর ৩টি চারের সঙ্গে হাঁকান ৭টি ছক্কা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান মাহমুদ্দোলার, তিনি ৫৬ রান করেছেন। শাকিব করেছেন ৪৩ রান। পাক দলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম।