দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে রান করতে হলে দর্শনীয় ক্রিকেট ছেড়ে মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতা দেখাতে হবে বলে মনে করছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। বিপর্যস্ত ভারতীয় ব্যাটসম্যানদের প্রতি হেড কোচের পরামর্শ, ‘‘তোমার ব্যাটিং কুৎসিত দেখালে দেখাক। দর্শনধারী হয়ে লাভ নেই। কিন্তু জানতে হবে, তোমার অফস্টাম্প কোথায়। বল ছাড়তে হবে। লেগেপড়ে থাকার মানসিকতা দেখাতে হবে।’’
তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে সাংবাদিক সম্মলনে এসে রবি শাস্ত্রী বলেন, খুবই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ব্যাটসম্যানদের। কিন্তু তার পরেও লড়াইয়ের আহ্বান তাঁর, পরিস্থিতি যখন কঠিন হয়ে ওঠে, তখনই বোঝা যায় কার কতটা শক্তিশালী চরিত্র।
অজিঙ্ক রাহানেকে নিয়ে প্রশ্ন করা হয় যে, ভারতীয় দলের স্তম্ভ মনে করা হত তাঁকে। টিমের সহ-অধিনায়ক। কিন্তু এই সিরিজে তো ব্যর্থ রাহানে। শাস্ত্রী দ্রুত পাশে দাঁড়ান রাহানের। বলেন, ‘‘ও যে রকম আমাদের ব্যাটিংয়ের স্তম্ভ ছিল, তেমনই আছে। শুধুমাত্র এক জন ব্যাটসম্যানকে নিয়ে প্রশ্ন তোলাটা অনুচিত। কঠিন পরিবেশে দু’দলের ব্যাটসম্যানেরাই সমস্যায় পড়েছে।’’
অধিনায়ক কোহলির মতোই শাস্ত্রীয় মতও হচ্ছে, টেকনিক্যাল নয়, রোগ আসলে মানসিক। এই ধরনের কঠিন পরিস্থিতিতে মানসিক দৃঢ়তা দেখাতে হবে। সেটাই আসল। মানসিক শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় খেলোয়াড়দের উদ্দেশে তাঁর একটাই বার্তা, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। একই রকম পরিস্থিতি থেকে এর আগেও ভারতীয় দল বেরিয়ে এসেছে। তা হলে এ বারে কেন হবে না?
এই প্রসঙ্গে শাস্ত্রী ২০১৫-র শ্রীলঙ্কা এবং শেষ দক্ষিণ আফ্রিকা সফরের উদাহরণ দেন। দু’বারই প্রথমে হেরে পিছিয়ে পড়েছিল ভারত। তার পরে দুর্দান্ত ভাবে ফিরে আসে। শ্রীলঙ্কায় গলে প্রথম টেস্ট হারার পরে বাকি দু’টি জিতে সিরিজ জেতে। দক্ষিণ আফ্রিকায় প্রথম দু’টি টেস্ট হেরে সিরিজ হেরে গেলেও ওয়ান্ডারার্সে প্রতিকূল পরিবেশে এবং ভয়ঙ্কর পিচে ফাফ দুপ্লেসিদের হারায় ভারত। সিরিজ হেরে গেলেও ওয়ান্ডারার্সে জয় অন্যতম সেরা প্রত্যাবর্তন বলেই ধরা হয়।
০-২ পিছিয়ে পড়লেও শাস্ত্রী মনে করছেন, ক্রিকেটারদের মধ্যে কোনও নেতিবাচক মনোভাব নেই। যদিও লর্ডসে কুলদীপ যাদবকে খেলানোটা ভুল হয়েছিল, মেনে নিচ্ছেন শাস্ত্রী। তার পরে যোগ করছেন, সেই সময়ে আবহাওয়া মেঘলা ছিল। কিন্তু কেউ জানত না, পঞ্চম দিনে গিয়ে কী রকম আবহাওয়া থাকত। তাঁদের মনে হয়েছিল, যদি শেষ দিকে গিয়ে স্পিনার কাজে আসে। সেটা হয়নি।
শনিবার থেকেই নটিংহ্যামে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। এখন দেখার কোচ শাস্ত্রীর পরামর্শ মেনে নিয়ে কতটা কার্যকর ক্রিকেট খেলতে পারেন বিরাট কোহলির ছেলেরা।