দ্য ওয়াল ব্যুরো: একদিন আগেই মাস্টারব্লাস্টার শচীন তেণ্ডুলকর একটা ভিডিও শেয়ার করে দেখিয়েছিলেন, নিজেই নিজের চুল কাটছেন। এবার ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মাথা ন্যাড়া করে ফেললেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কপিলের এই নতুন লুক।
মঙ্গলবার টুইটারে প্রকাশ পায় কপিল দেবের এই লুক। দেখা যায় মাথা ন্যাড়া করলেও সাদা ফ্রেঞ্চ কাট দাড়ি রেখেছেন তিনি। সেইসঙ্গে চোখে কালো সানগ্লাস ও ব্লেজার পরে দিব্যি লাগছে ভারতের অন্যতম বড় এই ক্রিকেটীয় আইকনকে। আর এই ছবি বের হওয়ার পরেই তা ভাইরাল। টুইটার ভরে গিয়েছে কমেন্টে।
কপিল দেবের এই লুককে অ্যাভেঞ্জার্সের থানোসের সঙ্গে তুলনা করে নেটিজেনরা তার নাম দিয়েছে ‘থানোস’ লুক। কেউ বলছেন, কে বলে বয়স হলে দেখতে খারাপ হয়ে যায় মানুষ। এই বয়সেও যথেষ্ট হ্যান্ডসাম কপিল। আবার কারও বক্তব্য, ক্যারিবিয়ান লেজেন্ড স্যার ভিভ রিচার্ডসের বায়োপিক করার জন্যই কি এই লুক নিয়েছেন কপিল। অনেকে আবার ভারতের প্রাক্তন উইকেট কিপার তথা কপিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য সৈয়দ কিরমানির সঙ্গে এই লুকের তুলনা করেছেন। তাঁদের বক্তব্য, নিজের আত্মজীবনীতে কি কিরমানির চরিত্রে অভিনয় করছেন কপিল।
https://twitter.com/circleofcricket/status/1252275976576385029?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1252275976576385029&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fis-that-thanos-kapil-dev-goes-all-out-shaves-head-in-new-quarantine-look-2585883.html
এই বছরই মুক্তি পাওয়ার কথা কপিল দেবের বায়োপিক ‘৮৩’র। সেখানে তাঁর চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন। তবে করোনা সংক্রমণ ও লকডাউনের ফলে সেই ছবির রিলিজ পিছিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ভিডিও বার্তায় দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন হরিয়ানা হ্যারিকেন। এই ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার কথা বলেছিলেন তিনি।
গতকাল ইনস্টাগ্রামে মাস্টারব্লাস্টার শচীন তেণ্ডুলকরও নিজের চুল কাটার ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, “স্কোয়্যার কাট মারাই হোক, বা হেয়ার কাট করা, নতুন জিনিস করতে আমি বরাবর পছন্দ করি। কেমন হয়েছে আমার নতুন হেয়ার কাট?” শচীনের সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।