দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে, তত ভয়ঙ্কর হয়ে উঠছেন তিনি। প্রতিপক্ষের দু-তিনজন ফুটবলারকে ড্রিবল করে বেরিয়ে যাওয়া এমন কিছু নয় তাঁর কাছে। সত্যিকারের মাঝমাঠের নেতা তিনি। ডার্বিতে বাগানের জয়ের মূল কারিগর রিয়েল সোসিয়াদাদে খেলা ২৯ বছরের স্প্যানিশ জোসেবা বেইতিয়া।
বাগান জার্সিতে এর আগেও একটা ডার্বি খেলেছেন বেইতিয়া। ম্যাচের সেরা হলেও দলকে জেতাতে পারেননি। আজও সমর্থকরা তাঁর দিকেই তাকিয়ে ছিলেন। নিরাশ করেননি বেইতিয়া। গোল করেছেন, করিয়েছেন। ইস্টবেঙ্গল রক্ষণকে সবসময় ত্রাসের মধ্যে রেখেছিলেন বেইতিয়া। তাঁর জন্য মার্কার হিসেবে কাশিম আইদারাকে রেখেছিলেন লাল-হলুদ কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ। কিন্তু কাজে আসেনি। নিঃশব্দে নিজের কাজ করে গেলেন তিনি।
মোহনবাগানের মাঝমাঠে শিল্পীর মতো ছবি এঁকেছেন বেইতিয়া। বল পেয়েই কখনও স্কোয়্যার পাস, কখনও থ্রু পাস বাড়িয়েছেন। আবার কখনও সতীর্থর সঙ্গে ওয়ান টু খেলে বক্সের মধ্যে ঢুকেছেন। হেডে গোল করার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখিয়েছেন এই স্প্যানিশ। আবার দ্বিতীয় গোলের ক্ষেত্রে কর্নার থেকে বাবার জন্য পারফেক্ট বল রেখেছেন।
দুরন্ত খেলার পুরস্কারও পেয়েছেন বেইতিয়া। হয়েছেন ম্যাচের সেরা। সেইসঙ্গে বুঝিয়ে দিয়েছেন এই বাগান টিমে তিনিই সনি নর্দে। তাঁকে ঘিরে আইলিগ জয়ের স্বপ্ন দেখতেই পারেন সবুজ- মেরুন সমর্থকরা।