মজবুত মাঝমাঠ, ধারালো আক্রমণ, ব্রাজিলসুলভ ফুটবলেই পেরুকে ওড়াল ৫ গোলে
দ্য ওয়াল ব্যুরো: প্রতিপক্ষের ডিফেন্স নিয়ে ছেলে খেলা করল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে আটকে যাওয়ার পর কোপা আমেরিকার তৃতীয় ম্যাচে সংগঠিত মাঝমাঠ আর আক্রমণ ভাগে ব্রাজিলীয় ফুটবল খেলে পেরুকে উড়িয়ে দিল ৫-০ গোলে। টানা ৯০ মিনিট দাপটের সঙ্গে ফুটবল খেলল কুট
শেষ আপডেট: 23 June 2019 09:43
দ্য ওয়াল ব্যুরো: প্রতিপক্ষের ডিফেন্স নিয়ে ছেলে খেলা করল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে আটকে যাওয়ার পর কোপা আমেরিকার তৃতীয় ম্যাচে সংগঠিত মাঝমাঠ আর আক্রমণ ভাগে ব্রাজিলীয় ফুটবল খেলে পেরুকে উড়িয়ে দিল ৫-০ গোলে। টানা ৯০ মিনিট দাপটের সঙ্গে ফুটবল খেলল কুটিনহো, ফিরমিনহো, উইলিয়ানরা। ভেনেজুয়েলার বিরুদ্ধে গত ম্যাচে VAR-এর জন্য গোল বাতিল হয়েছিল। পয়েন্ট নষ্ট করেই মাঠ ছাড়তে হয়েছিল তিতের ছেলেদের। তৃতীয় ম্যাচে সুদে আসলে সবটা মিটিয়ে নিল সেলেকাওরা।
https://www.youtube.com/watch?v=RL075_VAK04&feature=youtu.be
দলে নেইমার নেই। সে বাস্তব মেনে নিয়েই যেন আরও সাজানো-গোছানো সাম্বা বাহিনী। কোন ব্যক্তি নির্ভরতা নয়। যাকে বলে টোটাল ফুটবল। প্রত্যেকেই নিজের সেরাটা উজাড় করে দিচ্ছে। শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পেরুকে চাপে ফেলে দিলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সাফল্য এল মাত্র ১২ মিনিটেই। ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। মিনিট সাতেক পরই ব্যবধান বাড়ান রবার্তো ফিরমিনো। লিভারপুল ফরোয়ার্ডকে রোখার হাজার চেষ্টা করেও ব্যর্থ হন প্রতিপক্ষের গোলকিপার। ধোপে টেকেনি ডিফেন্সের মার্কিংও। দুগোলে পিছিয়ে পড়ে যখন একপ্রকার কোণঠাসা পেরু, ঠিক সেই সময় বক্সের বাঁ-দিক থেকে এসে দুরন্ত শটে ব্যবধান আরও বাড়িয়ে দিলেন ম্যাচের সেরা এভারটন। গোলকিপারকে মাটি ধরিয়ে প্রথম পোস্ট দিয়েই বল জড়িয়ে দেন জালে।

এ দিন কোচ তিতেকে স্বস্তি দিল আরেকটি বিষয়। প্রথমার্ধে ৩-০ এগিয়ে থাকা সত্ত্বেও খেলোয়াড়দের মধ্যে গা ছাড়া ভাব বা অতিরিক্ত আত্মবিশ্বাস গ্রাস করেনি দ্বিতীয়ার্ধে। আর তাতেই এল বিরাট জয়। দলের চতুর্থ ও পঞ্চম গোল ড্যানি আলভেস এবং পরিবর্ত হিসেবে নামা উইলিয়ানের। তবে গ্যাব্রিয়াল জেসাসের শট প্রতিপক্ষ আটকাতে না পারলে আরও ব্যবধান বাড়তে পারত। গ্রুপ এ-র শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ফিরমিনোরা।
