
শেষ আপডেট: 2 January 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আংটি বলে কথা। সেটি হারিয়ে গেলে কী হতে পারে, তা বোঝা গিয়েছে লিভারপুল কোচ জুরগেন ক্লপকে দেখেই। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। সেই জয়ের পরে দলের ফুটবলারদের সঙ্গে মাঠেই উচ্ছ্বাস প্রকাশ করছিলেন এই জার্মান কোচ।
আনন্দে যখন দলের ফুটবলারদের সঙ্গে মত্ত, সেইসময় আচমকা ক্লপ উদ্ধার করেন তাঁর বিয়ের আংটিটা নেই। সেইসময় দিশেহারা হয়ে তন্নতন্ন করে খুঁজতে থাকেন। দলের ফুটবলাররাও সেইসময় কোচের আংটি খুঁজছিলেন। অবশেষে এক ক্যামেরাম্যানের সহায়তায় সেটি খুঁজে পাওয়া যায়। বিয়ের আংটি ফেরত পেয়ে লিভারপুল কোচকে দেখা যায় সেটিতে চুম্বন করছেন।
ম্যাচ শেষে সাংবাদিকদেরও অভিজ্ঞ কোচ বলেছেন, ‘আমি খুবই ভেঙে পড়েছিলাম। কারণ ওই আংটি আমার কাছে অনেক কিছু। কিন্তু সেটি ফেরত পেয়ে আমার মনটা হালকা হয়েছে।’
এই একবার নয়, এর আগেও জাহাজের ডেক থেকে ক্লপের আংটি সাগরের জলে পড়ে গিয়েছিল। সেবার পেশাদার ডুবুরি নামিয়ে সেই আংটি উদ্ধার করা হয়। এবার অবশ্য সেই আংটি হারিয়ে ফেলেছিলেন মাঠেই।
এদিকে, গত রাতে অ্যানফিল্ডে মহম্মদ সালাহর জোড়া গোলে বড় জয় পেয়েছে লিভারপুল। এ জয়ে অ্যাস্টন ভিলা থেকে তিন পয়েন্ট এগিয়ে গেছে অলরেডরা।
বড় জয় পাওয়ায় ছেলেদের অভিনন্দন জানাতে লিভারপুল কোচ মাঠে নেমে গিয়েছিলেন। এমনকী সেইসময় দেখা যায়, দর্শকদের সঙ্গে কথা বলতে গ্যালারির দিকে এগিয়ে গিয়েছিলেন। তখনও টের পাননি বিয়ের আংটি হাতে নেই!
চলতি মরশুমে ২০ ম্যাচ খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৫। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যান সিটি।