
শেষ আপডেট: 15 November 2023 14:07
দ্য ওয়াল ব্যুরো: ওয়াংখেড়েতে টস জিতলে আগে ব্যাট নেওয়া উচিত, বুধবার সকালে এমনটাই বলছিলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। অগ্রজের কথাই যেন মেনে চললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে তিনি ব্যাটই নিলেন।
এবারের বিশ্বকাপের পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে যে, ওয়াংখেড়েতে যে ম্যাচগুলি হয়েছে, তার মধ্যে প্রথমে ব্যাট নিয়ে তিনবার ম্যাচ জিতেছে দলগুলি। অন্যদিকে প্রথমে বোলিং নিয়ে মাত্র একবারই ম্যাচ জিতেছে কোনও দল।
গাভাস্কারের কথায়, রাতের দিকে ওয়াংখেড়েতে শিশির পড়বে। বোলাররা সেই সুবিধা নিতে পারবে। কারণ, পেসারদের বল পড়ে দ্রুত উইকেটরক্ষকের হাতে আসবে। আবার স্পিনারদের বলও ভাল ঘুরবে। তাই যে দলই টস জিতুক না কেন, আগে ব্যাটিং নেওয়া উচিত। সেদিক থেকে টস জিতে ভারত যে অ্যাডভান্টেজ পেয়ে গেল, তা বলাই যায়।
এদিকে ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা বলেছেন যে, “আত্মবিশ্বাস রয়েছে ঠিকই, কিন্তু আমরা কেউই আত্মতুষ্টিতে ভুগছি না। বিশ্বকাপের প্রথম ৯টি ম্যাচ এখন আমাদের কাছে অতীত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আমরা তাই সতর্ক থাকছি। তবে ম্যাচ জিতে ফিরব, এই ভরসাটাও রাখছি।”
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।
নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, রাচীন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডারিল মিচেল, মার্ক চাপম্যান, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।