দ্য ওয়াল ব্যুরো: আইসিসি-র সদ্য প্রকাশিত টোয়েন্টি ২০ সর্বকালের সেরা ক্রিকেটারের তালিকায় নেই কোনও ভারতীয়র নাম। একটা সময় পাকিস্তানের দাপট ছিল এই ফরম্যাটে। সেই কারণেই এই তালিকায় পাঁচ পাক ক্রিকেটারের নাম রয়েছে। বিশেষ করে পাক বোলাররা এই ধরনের ক্রিকেটে ম্যাচের ফারাক গড়ে দিতেন। আইসিসি তালিকা করতে গিয়ে সেটাই দেখিয়েছে।
বর্তমান টি ২০ সেরা ক্যারিবিয়ানরা। ক্রম তালিকায় শীর্ষে যদিও অস্ট্রেলিয়া। পাকিস্তান এই সাম্প্রতিক তালিকায় রয়েছে সাতে। তাদের বাবর আজম ছাড়া তালিকায় কেউ স্থান পায়নি। অথচ সর্বকালের সেরা তালিকায় পাঁচ পাক ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে তাদের অতীত দাপট মনে করিয়ে দিয়েছে।
এই তালিকায় শীর্ষে আছেন পেসার উমর গুল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৮৫৭ রেটিং পয়েন্ট তাঁর। ৬০ ম্যাচে ৮৫ উইকেট তাঁর দখলে। বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার এখন রশিদ খান। আফগান লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৭৩৬। ক্যারিয়ারে সর্বোচ্চ ৮১৬ পয়েন্ট পাওয়া রশিদ অবশ্য সর্বকালের সেরাদের তালিকার পাঁচে আছেন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি। তারপরে রয়েছেন কিউই স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি। চারে রয়েছেন ক্যারিবিয়ান তথা আইপিএলে কেকেআরের বোলিং অস্ত্র সুনীল নারিন। তারপরে পরপর রয়েছেন পাক ক্রিকেটাররা। ছয় নম্বরে রয়েছেন শাহিদ আফ্রিদি। ৯৯ ম্যাচে নিয়েছেন ৯৮ উইকেট রয়েছে এই প্রাক্তন পাক অধিনায়কের। সাতে আছেন ৭৯৫ পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। অস্টম স্থানে রয়েছেন পাক স্পিনার সঈদ আজমল। নয় ও দশে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও লেগি শাদাব খান।
তাৎপর্যের বিষয় হল, ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নেই। অথচ ২০০৭ টি ২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। আইসিসি জানিয়েছে তারা প্রাধান্য দিয়েছে ২০১৪ সালের পর থেকে। কিন্তু এই নিয়ে জটিলতা যেমন রয়েছে, তেমনি বিতর্কও বিদ্যমান। টি ২০ দলে কোহলি নেই, সেটি না হয় ছেড়ে দেওয়া গেল, যেহেতু সাম্প্রতিককালের ফর্ম দেখে করা হয়নি। কিন্তু ধোনি, যুবরাজ, সেওয়াগরা নেই, এই তালিকা নিয়ে প্রশ্ন পড়ে গিয়েছে।