
পুরুলিয়া শিবসেনা প্রার্থী গৌরীশ রায়
শেষ আপডেট: 21 April 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: পুরুলিয়ায় বিজেপি, তৃণমূল, ইন্ডিয়া জোটের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে অনেক আগে। সিপিএম-কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় ফরওয়ার্ড ব্লকও প্রার্থী ঘোষণা করেছে। এসইউসিআই ও কুড়মি সমাজও নিজেদের প্রার্থী দিয়েছে এই কেন্দ্রে। এবার পুরুলিয়াতে প্রার্থী দিল শিবসেনা।
পেশায় শিক্ষক গৌরীশ রায়কে পুরুলিয়া লোকসভার প্রার্থী করল শিবসেনা। এবারই প্রথম নির্বাচনে লড়াই করতে চলেছেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) দলের মনোনীত প্রার্থী গৌরীশবাবু।
পুরুলিয়া শহরে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী ঘোষণা করলেন শিবসেনার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রশেখর ঝাঁ। বেকারত্ব, উন্নয়ন সহ বিভিন্ন ইস্যু নিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন তাঁরা। এর আগেও ২০১৯ লোকসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় প্রার্থী দিয়েছিল শিবসেনা।
এবিষয়ে চন্দ্রশেখর ঝাঁ জানিয়েছেন, "২০১৯ সালের নির্বাচনে পুরুলিয়াতে প্রথম আমরা প্রার্থী দিয়েছিলাম। ভোট শতাংশের নিরিখে হার ভালই ছিল। এবারেও ভোটের হার ভাল হবে বলেই আশা করছি।"
চন্দ্রশেখরবাবুর দাবি, ৩৩ বছর ধরে শিবসেনা এরাজ্যে সংগঠন চালিয়ে আসছে। কিন্তু প্রত্যক্ষভাবে রাজনীতিতে পা রাখে ২০১৬ সালে। ২০১৯ সাল থেকে সংগঠন বিস্তার লাভ করে। দিনে দিনে সংগঠনের গ্রহণযোগ্যতাও মানুষের কাছে বাড়ছে।
প্রার্থী গৌরীশ রায় বলেন, "মানুষের কথা তুলে ধরে আমি লড়ব। আমার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল।"