
শেষ আপডেট: 31 March 2024 09:57
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় এজেন্সির অপ ব্যবহার এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে রবিবার দিল্লির রাস্তায় নামছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মিছিলের নাম দেওয়া হয়েছে ‘লোকতন্ত্র বাঁচাও’।
মিছিলে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বরা সকলেই উপস্থিত থাকবেন। ভোটের আগে রাজধানীর রাস্তায় বিরোধী জোটের এই মিছিলকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
রবিবার দিল্লির রামলীলা ময়দান থেকে শুরু হবে ইন্ডিয়া জোটের মিছিল। মিছিলে পা মেলাতে পারেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতাও। থাকবেন আপ নেতৃত্বও। এছাড়াও কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সমাজবাদী পার্টির সর্বময় নেতা অখিলেশ যাদব, বিহারের তেজস্বী যাদব, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্সের নেতা ফারুখ আবদুল্লাও মিছিলে থাকবেন। মিছিলে থাকার কথা তৃণমূল নেতৃত্বরও।
গত ২১ মার্চ রাতে আবগারি ‘দুর্নীতি’ মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। এর আগে গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে। ভোটের মুখে কংগ্রেসের অ্যাকাউন্টও ফ্রিজ করেছে কেন্দ্রীয় এজেন্সি। বিজেপির বিরুদ্ধে এজেন্সিকে অপ ব্যবহারের অভিযোগ এনেই এদিন লোকতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে পথে নামছেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব। ফলে ভোটের আগে বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে রাজধানী দিল্লিতে।
এদিকে বিরোধী দলগুলির মিছিলকে কেন্দ্র করে শনিবার থেকেই দিল্লির নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আধাসেনাও। দিল্লির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তায় সকাল থেকেই করা হয়েছে যান নিয়ন্ত্রণ।