আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল... হ্যাঁ, আমরা সকলেই কম বেশি হৃদয়ের কথা বলতে আগ্রহী হই কাছের মানুষের কাছে। তাই সেই হৃদয়কেই তো সুস্থ রাখার কথা ভাবতে হয়। নইলে মুশকিল। ভাল্ভের বহু সমস্যা হয় আমাদের। সেই সমস্যা নিয়ে শুরু থেকে কী ভাবে এগোবেন, কীই বা করবেন, আদৌ পুরোটা সুস্থ হতে পারবেন কি? কথা বললাম বিশিষ্ট কার্ডিওথোরাসিক ভাসকুলার সার্জেন ডঃ তৃপ্তি তলাপাত্রের সাথে। জানুন কী বললেন তিনি...
দ্য ওয়াল: আমরা জানি চারটে ভাল্ভ আছে আমাদের সকলেরই। ভাল্ভের সমস্যা অনেকেরই থাকে। কী কী সমস্যা হয় সাধারণত? কেন হয় ভাল্ভের সমস্যা? ভাল্ভ নষ্ট হয়ই বা কেন?
ডঃ তলাপাত্র: চারটে ভাল্ভ আছে। দুটি থাকে অলিন্দ ও নিলয়ের মাঝে এবং দুটি থাকে নিলয় ও মহাধমনীর মাঝে। আমাদের দেশে সবচেয়ে বেশি ভাল্ভের অসুখ হয় রিউম্যাটিক ফিভারের পর। হার্টের ভাল্ভের অসুখ এই জ্বরের বহু বছর পরে হয়। সাধারনত ভাল্ভ ছোট হয়ে যওয়া বা লিক হওয়া নিয়ে সমস্যা আসে। এ ক্ষেত্রে সবথেকে বেশি মাইট্রাল ভাল্ভের অসুখে আক্রান্ত হয়। এ ছাড়া বয়স্ক লোকেদের ক্ষেত্রে এওটিক ভাল্ভে পাথর জমা হয়ে ছোট হয়ে যায়।
দ্য ওয়াল: কেউ এই ভাল্ভের সমস্যা নিয়ে জন্মালে তার কি কোনও চিকিৎসায় সেরে ওঠা সম্ভব?
ডঃ তলাপাত্র: জন্মগত ভাল্ভের অসুখ বিভিন্ন রকমের হতে পারে কিছু অসুখ আছে যেগুলো জন্মানোর কিছুদিনের মধ্যে ধরা পড়ে ও অপারেশন করা হয়।বেশিরভাগ ক্ষেত্রে তারা স্বাভাবিক জীবন যাপন করে অপারেশনের পর।
দ্য ওয়াল: কেউ শুরুতে সুস্থ থাকলেও, পরে হয় তো তাঁর ভাল্ভের সমস্যা হল, সেটার লক্ষণ এবং উপসর্গ কী কী থাকে?
ডঃ তলাপাত্র: বাইকাসপিড এওটিক ভাল্ভ প্রথমে ঠিক থাকলেও তিরিশ বছর বয়সের পর উপসর্গ দেখা দেয়।ভাল্ভের সমস্যা শুরু হলে বুকে ব্যথা ,শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, মাথা ঘোরা এবং বেশি দিন চিকিৎসায় অবহেলা করলে হাত পা, পেট ফুলে যাওয়া, পক্ষাঘাত হতে পারে।
দ্য ওয়াল: এই সমস্যার সমাধানে কি অপারেশনই একমাত্র উপায়? না ওষুধেও সারতে পারে?
ডঃ তলাপাত্র: ভাল্ভের ফুটো খুব ছোট হয়ে গেলে বা খুব বেশি লিক করলে অপারেশনই একমাত্র চিকিৎসা। উপযুক্ত সময়ে অপারেশন না করালে হার্ট ফেলিওর ও অন্যান্য জটিলতা সৃস্টি হয়।
জানুন ডাক্তার তলাপাত্র এ নিয়ে আরও কী বলছেন....
https://www.youtube.com/watch?v=4BTiJBAPLZM
দ্য ওয়াল: অপারেশন হলে কেমন খরচ পড়ে? সবক্ষেত্রেই কি একইরকম, না আলাদা আলাদা খরচ হতে পারে? হলে সেটা কেমন? কারণ অনেকেই খরচের ভয়ে পিছিয়ে যান, একে একে সবকটা ভাল্ভ খারাপ হতে থাকে।
ডঃ তলাপাত্র: ভাল্ভের অপারেশনের খরচ নির্ভর করে কটি ভাল্ভ বদলাতে হবে ও কী ধরনের ভাল্ভ লাগানো হবে তার উপর।
খরচ খুব কম হয় না, তবে সবক্ষেত্রেই তা মারাত্মক চিন্তা করার মতো নয়।
দ্য ওয়াল: অপারেশনের পরবর্তী সময়ে কী কী সাবধানতা নিতে হয়?
ডঃ তলাপাত্র: অপারেশন পরবর্তী সময় রক্ত পাতলা রাখার ওষুধ খেতে হয় সারা জীবন। ফলে খাবারের কিছু বিধিনিষেধ থাকে ও মাঝেমাঝে রক্ত পরীক্ষা করে তরলতা দেখে নেওয়া হয়।
দ্য ওয়াল: একটি শিশুর যদি ভাল্ভের অপারেশন হয়, সারাজীবন তার কি অনেক বিধি-নিষেধ থাকে?
ডঃ তলাপাত্র: শিশুদের যদি ভাল্ভ সারানো হয় মাঝেমাঝে ইকো করে চেক করা দরকার। তা ছাড়া কোনও বিধি-নিষেধ নেই।
দ্য ওয়াল: পেসমেকার ভাল্ভের সমস্যার সাথে কতটা সম্পর্কিত?
ডঃ তলাপাত্র: পেসমেকারের সাথে ভাল্ভের কোনও সম্পর্ক নেই।
সাক্ষাৎকারটি নিয়েছেন মধুরিমা রায়।