.webp)
করণ ব্রার। কানাডা পুলিশের প্রকাশিত ছবি।
শেষ আপডেট: 4 May 2024 16:06
দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানি জঙ্গি নিজ্জর খুনের অভিযোগে পাঞ্জাবের যুবক করণ ব্রার কানাডা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার খবর শুনে অসুস্থ হয়ে পড়েন মা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাডায় পড়াশোনা ও কাজের খোঁজে যাওয়া ছেলেকে কীভাবে সেদেশের পুলিশ জঙ্গি-খুনে অভিযুক্ত করল, সেকথা ভেবেই সংজ্ঞা হারান তিনি। শুধু তিনি নন, পাঞ্জাবের কোটকাপুরা মহকুমার মানুষও বিশ্বাস করতে পারছেন না ২২ বছরের তরতাজা ছেলে করণকে কেন ফাঁসাল কানাডা পুলিশ।
গত মাসেই করণ ব্রারের বাবা মনদীপ সিং ব্রার মারা যান। পাঞ্জাবের ফরিদকোট জেলার কোটকাপুরা মহকুমার সুখিয়া গ্রামের ক্ষুদ্র চাষি ছিলেন করণের বাবা। কিন্তু, বাবার শেষকৃত্যে দেশে ফিরতে পারেননি করণ। মা রমণদীপ কৌর ব্রার গত একবছর ধরে সিঙ্গাপুরে থাকতেন। স্বামীর মৃত্যুতে তিনি ফিরে আসেন। একমাত্র ছেলের গ্রেফতারির খবর শুনেই অসুস্থ হয়ে পড়েন।
২০২০ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় চলে যান করণ। দ্বাদশ শ্রেণি পাশ করার পরেই সেখানে গিয়ে এখন কাজের অনুমতিও পেয়েছিলেন। থাকতেন আলবার্টার এডমন্টন শহরে। ব্রারের দাদু-দিদা থাকেন কোটকাপুরায়। দাদু বলবীর সিং বলেন, খবরে শুনলাম গ্রেফতার করা হয়েছে। কানাডায় কী হচ্ছে তার বিন্দুবিসর্গ জানতে পারছি না। আমার নাতি কোনওদিন কোনও খারাপ কাজ করেনি।
পাঞ্জাব পুলিশও সেকথা স্বীকার করে নিয়েছে। ফরিদকোটের পুলিশকর্তা জশমিত সিং বলেন, পাঞ্জাবে করণের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। নিজ্জর মামলায় ওর জড়িত থাকার কথা খবরেই জানতে পেরেছি। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ শনিবার খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের অভিযোগে তিন ভারতীয়কে গ্রেফতার এবং তাঁদের ছবি প্রকাশ করে। করণপ্রিত সিং (২৮), কমলপ্রিত সিং (২২) এবং করণ ব্রারকে গ্রেফতার করে তাঁদের ফার্স্ট ডিগ্রি খুনের মামলা দায়ের করেছে কানাডা পুলিশ।
পুলিশ অপরাধের সময় ব্যবহার করা টয়োটা করোলা গাড়ির ছবিও প্রকাশ করে। শুধু নিজ্জর খুনই নয়, এই তিন ভারতীয় কানাডার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সঙ্গে জড়িত কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনে সরাসরি জড়িত ছিল বিষ্ণোই। পাঞ্জাব পুলিশ সূত্র জানিয়েছে, ফরিদকোট জেলায় বিষ্ণোইয়ের বিরাট প্রভাব রয়েছে। এখানে অনেক অল্পবয়সি ছেলে ওর হয়ে কাজ করে।