
শেষ আপডেট: 26 March 2024 21:46
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কাকভোরে এক বিরাট পণ্যবাহী ভারতীয় জাহাজের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাল্টিমোর বন্দর এলাকার ফ্রান্সিস স্কট কি সেতু। খাঁড়ির ওপর পাট্যাপস্কো নদীর ওপরে রয়েছে সুবিশাল ওই সেতু।
ওই ঘটনায় সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ৬ জন কর্মীর এখনও খোঁজ মেলেনি। তাঁদের উদ্ধারে অভিযানে নেমেছে উদ্ধারকারী দল। তবে দুর্ঘটনাগ্রস্ত সিঙ্গাপুরের জাহাজের ২ জন পাইলট সহ ২২জন ভারতীয় ক্রুই নিরাপদে রয়েছেন বলে জানাল সংবাদ সংস্থা।
সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে থাকা ২২জন ভারতীয় নৌ আধিকারিক এবং কর্মীরা সুস্থ রয়েছেন। তাঁদের নিরাপদ জায়গা রাখা হয়েছে। অন্যদিকে জাহাজের ধাক্কায় সেতুতে কাজ করা ৮ জন কর্মী জলে পড়ে নিখোঁজ হয়ে যান। তাঁদের মধ্যে ২জনকে উদ্ধার হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনা হচ্ছে, মঙ্গলবার কাকভোরে যখন জাহাজের ধাক্কা লাগে, তখনই সেতুতে একাধিক নির্মাণকর্মী রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। অন্তত এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা সিএনএন। ফলে এখনও জল থেকে উদ্ধার না হওয়া আক্রান্তদের মধ্যে পথচারী বা যাত্রীর পাশাপাশি কতজন নির্মাণকর্মী আছেন, সেই নিয়েও জল্পনা তুঙ্গে।
'দালি' নামক এই দুর্ঘটনাগ্রস্থ জাহাজের নথিকরণ সিঙ্গাপুরের, যদিও মালিকানা বিখ্যাত ড্যানিশ সংস্থা মেরস্কের। প্রায় এক হাজার ফুট লম্বা এই পেল্লায় পণ্যবাহী জাহাজে এক লপ্তে দশ হাজার কুড়ি ফুটের কন্টেনার বোঝাই করা যায়।
যত সময় গড়াচ্ছে, উদ্ধারকাজ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। বাল্টিমোর কাউন্টির প্রশাসনিক আধিকারিক জনি ওলজেওস্কি বলেন, 'অবস্থা খুবই কঠিন। এই পুরো নদীটা আসলে বন্দর সংলগ্ন গভীর খাঁড়ি। জল এখানে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট গভীর। তীব্র স্রোতের টানও আছে। এদিকে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, জলও অত্যন্ত শীতল। ফলে এখনও কেউ জলে রয়েছেন কিনা সেই নিয়ে আমরা গভীর চিন্তায় আছি।'
পাশাপাশি, ট্র্যাফিক নিয়েও জোর ভাবনায় পুলিশ। সেতুটি প্রায় দেড় মাইল লম্বা, বাল্টিমোর বন্দর এলাকার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা। মেয়র স্কট বলছেন, আগামী একমাস এই রাস্তার ট্র্যাফিক কোন পথে যাবে, আপাতত সেই নিয়েই হিমশিম অবস্থা তাঁদের।