.jpg)
মিমি-পরমা
শেষ আপডেট: 2 April 2025 16:44
দ্য ওয়াল ব্যুরো: সদ্য মুক্তিপ্রাপ্ত নির্ঝর মিত্রের সিরিজ 'ডাইনি' দেখে ভাল লাগেনি সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়ের। সমাজমাধ্যমে তা নিয়ে একটি 'রিভিউ' লিখেছিলেন তিনি। কড়া ভাষায় সমালোচনা করেছিলেন চিত্রনাট্যের, এডিটিংয়ের ও অভিনয়ের। এমনকি অভিনেত্রী মিমি চক্রবর্তীও যে তাঁর মনে দাগ কাটতে পারেননি তাও জানিয়েছিলেন সেই পোস্টে। ঘটনার দিন দুয়েক পার হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে পরমার ওই পোস্ট নিয়ে প্রতিক্রিয়াও। কারও মতে মিমিকে আক্রমণ করেছেন তিনি, কেউ আবার বলছেন, যাত্রাশিল্পীদের অপমান করেছেন। এবার তা নিয়েই দ্য ওয়ালে মুখ খুললেন পরমা।
অভিনেত্রী তাঁর পোস্টে লিখেছিলেন, '...ডাইনি খুব জঘন্য লাগল। যাত্রা টাইপ। সামাজিক পালা'। যাত্রা টাইপ কয়নেজের মধ্যে দিয়ে ঠিক কী বোঝাতে চেয়েছেন পরমা? তাঁর কথায়, "আমি যাত্রা দেখে বড় হয়েছি। এটা যাচাই করতে চাইলে আমার পাড়ায় আসুন। আমার পৈতৃক বাড়ির নিচে যাত্রা হত। যাত্রা নিয়ে আমি আধঘণ্টা বলতে পারি। যাত্রাশিল্পীদের উপর প্রচন্ড শ্রদ্ধা আছে। গাজন কাকে বলে, সামাজিক পালা কাকে বলে সেই নিয়ে আমার যথেষ্ট আইডিয়া আছে। এখানে যাত্রাপালায় যারা জয়ী হতেন আমার বাবা প্রাইজ দিতেন। আমাদের যাত্রায় জিনাত আমান অভিনয় করেন।"
পরমার দাবি, যাত্রা টাইপ বলতে তিনি যাত্রার চড়া দাগের অভিনয়ের কথা বলেছেন। তাঁর কথায়, "যাত্রায় একটা চড়া দাগের অভিনয় আছে। তিন দিক খোলা ও হাফ মাইল দূরে বসা দর্শকের কাছে যাতে পৌঁছে যেতে পারে অভিনয় ঠিক সেই কারণেই প্রয়োজনের তুলনায় একটু উচ্চগ্রামের অভিনয় করা হয়ে থাকে। ডাইনি সিরিজে অকারণে যে ঝ্যা ঝ্যা করে মিউজিক, দুর্বল চিত্রনাট্যকে ঢাকতে চড়া দাগের বিজিএম ব্যবহার করা হয়েছে তাকেই আমি বলেছে যাত্রা টাইপ। যাত্রা শিল্পীদের আমি একেবারেই অসম্মান করিনি। আমি শুধু বলেছি প্রত্যেক মাধ্যমে অভিনয়ের ধরন আলাদা। যাত্রায় যে ভাবে অভিনয় করা সেই উচ্চদাগের অভিনয় যদি সিরিজেও করা হয়ে থাকে তবে তা তো ঠিক নয়।"
প্রথম পোস্টে পরমা লিখেছিলেন, অতিরিক্ত লিপ ফিলিং করার জন্য সংলাপ বলতেও অসুবিধে হচ্ছিল মিমির। পরমার ওই মন্তব্য মিমি-ভক্তরা ভাল ভাবে নেননি। অনেকে এও অভিযোগ আনেন 'বডিশেমিং' করেছেন গায়িকা। যদিও পরমার বক্তব্য, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। দ্য ওয়াললে তিনি বলেন, "মিমিকে গ্ল্যামারাস লেগেছে, কিন্তু ইঞ্জেকশন নেওয়ার পয়েন্টটাও বোঝা গিয়েছে। লিপ ফিলিং খুব স্বাভাবিক ব্যাপার। এই নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। মিমি তাঁর চেহারায় কী করাবেন সেটা তাঁর ব্যাপার। আমি শুধু এটাই বলেছি, লিপ ফিলিংয়ের পর যে পরিমাণ সময়টা পেশীগুলো ঠিক করার জন্য দেওয়া দরকার তা হয়তো দেওয়া হয়নি। সেই কারণেই অভিনেত্রীর কথা বলতে অসুবিধের কথা পরিস্ফুট হয়েছে।" এই নিয়ে এক ভিডিয়োও করেছেন পরমা। ফেসবুকের সেই ভিডিওতে তাঁর দাবি, গঠনমূলক সমালোচনার পরিবর্তে তাঁর 'লিপ ফিলিং' মন্তব্য নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
রইল সেই ভিডিও
যদিও বিতর্ক হওয়া সত্ত্বেও 'ডাইনি'কে খারাপ সিরিজ তকমা দেওয়া থেকে সরে আসছেন না পরমা। তাঁর জবাব, "গঠনমূলক সমালোচনা করেছি। এতে অসুবিধে কীসের! একটা ক্রাইসিস সিন, সেটাকে আরও এডিট করে ঝকঝকে করা যেত। কিন্তু তা না করে একই সিন বারবার বসানো আছে। আমার টেকনিক্যাল চোখে তা ধরা পড়েছে। খারাপকে খারাপ বলেছি। ঠিক তেমনই ভাল হলে ভাল বলতাম। অনেক আশা নিয়েই তো দেখতে বসেছিলাম ডাইনি। আশাহত হয়েছি, তা ভাগ করে নিতে আমার কোনও অসুবিধে নেই।"