দ্য ওয়াল ব্যুরো : ছবি দেখে মুগ্ধ বিরাট কোহলি। নতুন করে যেন প্রেমে পড়ে গেলেন নিজের ভালবাসা অনুষ্কা শর্মার সঙ্গে। সেই অনুভূতি শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়াতে।
শুক্রবার দেশ জুড়ে মুক্তি পেয়েছে ‘সুই ধাগা, মেড ইন ইন্ডিয়া’। যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। অনুরাগীরা সকাল থেকেই সিনেমা দেখার লাইনে দাঁড়িয়েছেন। কেউ বা সিনেমা দেখে মতামত দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ছবিটি দেখে ইতিমধ্যেই রিভিউও করে ফেলেছেন অনুষ্কার স্বামী বিরাট কোহলি।
বৃহস্পতিবার রাতে যশ রাজ স্টুডিওতে আয়োজিত স্পেশ্যাল স্ক্রিনিংয়ে ছবিটি দেখেন বিরাট। তার পর সোশ্যাল মিডিয়ায় তাঁর রিভিউ দিয়েছেন তিনি। সেখানে বিরাট লিখেছেন, ‘গতকাল রাতে সুই ধাগা দেখলাম দ্বিতীয়বার। তবে প্রথম বারের থেকেও বেশি ভাল লেগেছে। ইমোশনাল রোলার কোস্টার। প্রত্যেকের অসাধারণ পারফরম্যান্স।’
https://twitter.com/imVkohli/status/1045507485157806082
এই ছবিতে এক দর্জির ভূমিকায় অভিনয় করেছেন বরুণ। তাঁর চরিত্রের নাম মৌজি। আর তাঁর স্ত্রী মমতার ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা। বিরাট লিখেছেন, ‘মৌজি অসাধারণ। কিন্তু মমতার চরিত্র আমার মন ভরিয়ে দিয়েছে। এত শক্তিশালী পারফরম্যান্স... ওর প্রেমে পড়ে যাবেন। তোমার জন্য গর্বিত অনুষ্কা। আপনারা ছবিটা মিস করবেন না।’
https://twitter.com/imVkohli/status/1045511794708680706
এখন দেখার বিরাটের মতো বাকিদেরও 'সুই ধাগা' ভালো লাগে কিনা। ছবি রিলিজের আগে থেকেই মমতার চরিত্রের জন্য সোশ্যাল মিডিয়ায় বহুবার ট্রোল হতে হয়েছে অনুষ্কাকে। এ বার নিজের অভিনয় দক্ষতায় নেটিজেনদের ভালবাসার পাত্রী অনুষ্কা হয়তে পারেন কি না সেটাই দেখার।