দ্য ওয়াল ব্যুরো: সদ্যই মা হয়েছেন অভিনেত্রী কল্কি কোয়েচলিন। এবার প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি। ইনস্টাগ্রামেই মেয়ের ছবি শেয়ার করেছেন কল্কি। সঙ্গে রয়েছেন প্রেমিক গে হার্শবার্গও। মা-বাবার খুনসুটির মাঝে নজর কেড়েছে একরত্তি ওই মেয়ে। দিব্যি বাবার কোলে চড়ে ছবি তুলেছে এই ছোট্টটি।
https://www.instagram.com/p/B8ZDwoLh20v/
একটি ছবিতে সদ্যোজাতকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে নতুন বাবাকে। পাশে রয়েছেন কল্কি নিজে। আর রয়েছেন হাসপাতালের বেশ কয়েকজন নার্স এবং কর্মী। দুই ডাক্তারের সঙ্গেও ছবি তুলতে দেখা গিয়েছে কল্কি এবং হার্শবার্গকে। তবে সব মুহূর্তেই মধ্যমণি তারকা জুটির সন্তান সাফো (sappho)। চিকিৎসক এবং হাসপাতালের সব কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন কল্কি এবং হার্শবার্গ। অভিনেত্রী লিখেছেন, "আপনারা চমৎকার কাজ করেছেন।"
তবে এখানেই শেষ নয়। একটা সাদা কাগজের উপর দুটো পায়ের ছাপ শেয়ার করেছেন কল্কি। আন্দাজ এই ছাপ তাঁর এবং হার্শবার্গের পায়ের। এবং এর পাশাপাশি আর কদিন পরেই যে এই একই জায়গায় দুটো কলি পায়ের ছাপ থাকবে সেই ইঙ্গিতও দিয়েছেন কল্কি। অভিনেত্রীর কথায়, "সাফো-কে সবাই স্বাগত জানান। ন'মাস পেটের ভিতর মোমোর মতো ছিল ও। এবার ওকে একটু জায়গা দেওয়া প্রয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ এত শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য।
https://www.instagram.com/p/B8WQDTEBoXT/
গত কয়েকমাসে গর্ভবতী থাকাকালীন ইনস্টাগ্রামে নানা মোটিভেশনাল পোস্ট শেয়ার করেছেন কল্কি। অভিনেত্রী বলেছিলেন মাতৃত্বকালীন জার্নিতে প্রতি মুহূর্তে মনে হচ্ছে যেন নাগরদোলায় চড়ছি। এই ন’মাসের জার্নিটা মোটেই সহজ নয়। কল্কি বলেছিলেন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাঁর কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। এসবের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি কিংবা তাঁর প্রেমিক। এমনকি প্রথম দু’মাস সেভাবে কিছু টেরও পাননি কল্কি। বরং শারীরিক সমস্যাগুলো খুব ভুগিয়েছে তাঁকে। তবে প্রথমবার সন্তানের অস্তিত্ব টের পাওয়ার পর থেকেই আমূল পরিবর্তন আসে কল্কির মধ্যে।
২০১১ সালে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেন কল্কি। তবে বছর দুয়েক পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর থেকেই হার্শবাগের সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন কল্কি। শোনা গিয়েছিল, সন্তানের নাম নাকি আগেই ঠিক করে ফেলেছিলেন কল্কি। আর এমন নাম ঠিক করেছিলেন যেটা ছেলে কিংবা মেয়ে দু’জনের ক্ষেত্রেই মানানসই হবে।