দ্য ওয়াল ব্যুরো: গতকাল, বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের ভারসোভা থানায় হাজির হয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছিল অনুরাগকে। জানা গিয়েছে, গতকাল ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয়েছে পরিচালককে।
প্রসঙ্গত, গতকাল সকাল ১০টা নাগাদ ভারসোভা থানায় যান অনুরাগ। সঙ্গে ছিলেন পরিচালকের দুই সহকারী এবং অনুরাগ কাশ্যপের আইনজীবী প্রিয়াঙ্কা খেমানি। দিনভর জেরার পর সন্ধে ৬টা নাগাদ ভারসোভা থানা ছেড়ে বেরিয়ে যান অনুরাগ কাশ্যপ। অন্যদিকে পুলিশ জানিয়েছে, অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পর অভিযোগকারিণী অভিনেত্রী পায়েল ঘোষের মেডিক্যাল চেকআপ করানো হয়েছে।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর টুইট করে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে জবরদস্তি করার অভিযোগ এনেছিলেন পায়েল ঘোষ। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে পায়েল আর্জি জানিয়েছিলেন যাতে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। টুইট করে পায়েল লিখেছিলেন, অনুরাগ তাঁর সঙ্গে জবরদস্তি করেছেন। তবে ঠিক কী ধরনের হেনস্থা তাঁকে করা হয়েছে তা বলেননি পায়েল। সেই সঙ্গে পায়েল বলেন, এইসব মানুষের ক্ষেত্রে সৃজনশীলতার আড়ালে যে দানব লুকিয়ে রয়েছে তা দেশের মানুষের সামনে আসা উচিত।
অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর প্রাথমিক ভাবে মুম্বইয়ের ওশিয়াড়া থানায় পরিচালকের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন পায়েল। তাঁর অভিযোগ, ২০১৩ সালে ভারসোভার ইয়ারি রোডের একটি বাড়িতে তাঁকে ধর্ষণ করেছেন অনুরাগ। পরিচালকের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনেন পায়েল। গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের ভারসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে এফআই আর দায়ের করেন পায়েল। সেদিন থানায় অভিনেত্রীর সঙ্গে গিয়েছিলেন তাঁর আইনজীবী নিতিন সতপুতে।
কেবল অনুরাগ কাশ্যপ নন, তাঁর ছবির তিন নায়িকা মাহি গিল, হুমা কুরেশি এবং রিচা চাড্ডার বিরুদ্ধেও তোপ দাগেন পায়েল। তাঁর কথায়, রিচা, মাহি এবং হুমা সাধারণ দেখতে হওয়া সত্ত্বেও অনুরাগ তাঁদের সঙ্গে কাজ করেছেন। পায়েল বলেন, “সাধারণত পরিচালকরা এঁদের কাজ দেয় না। কিন্তু আপনি দিয়েছেন। ভাল কথা। কিন্তু আমি এসবের জন্য এখন মানসিক ভাবে প্রস্তুত নই।” পায়েলের ইঙ্গিত স্পষ্ট না হলেও তিনি ঠিক কী বলতে চেয়েছেন তা বুঝতে অসুবিধা হয়নি কারওরই।
যদিও পায়েলের সমস্ত অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন অনুরাগ এবং তাঁর আইনজীবী। পরিচালকের পাশে দাঁড়িয়েছেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী আরতি বাজাজ এবং কল্কি। অনুরাগের সমর্থনে সরব হয়েছেন তাঁর ছবির নায়িকারাও। সকলেই বলেছেন, এমন কাজ অনুরাগ করতেই পারেন না।