
শেষ আপডেট: 17 August 2023 09:16
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের বড়দিনে মিঠুন চক্রবর্তীর (Mithun) সঙ্গে জুটি বেঁধে দেব (Dev) এনেছিলেন 'প্রজাপতি'। গত বছর সুপারহিট হওয়া বাংলা ছবিগুলির তালিকায় অচিরেই জায়গা করে নিয়েছিল এই সিনেমা। এর মধ্যেই খবর, তিনি নাকি আরও একবার মিঠুনের সঙ্গে কাজ করতে চলেছেন। এখানেই চমকের শেষ নয়, ছবিতে থাকার কথা আর এক টলি তারকা সোহম চক্রবর্তীও (Soham)।
বর্তমানে দুই অভিনেতা ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। সূত্রের খবর, একসঙ্গে কাজের সময়ই নতুন ছবির পরিকল্পনা করে ফেলেছেন সোহম। প্রযোজনার দায়িত্বেও তিনিই থাকতে চলেছেন। বিগত কয়েক বছর তাঁর সেভাবে কোনও হিট ছবি নেই। মনে করা হচ্ছে, সেই জন্যই দেব ও মিঠুনকে একসঙ্গে নিজের ছবিতে এনে কামব্যাক করতে চাইছেন তিনি।
বর্তমানে দেবের হাতে অজস্র ছবির কাজ। পুজোয় মুক্তি পাবে 'বাঘাযতীন'। এরপর বড়দিনে 'প্রধান'। আবার আগামী বছরের শুরুতেই সৃজিতের সঙ্গে নতুন ছবির কাজ করবেন দেব। এদিকে বেশ কয়েকবছর পর টলিউডে ফিরে মিঠুনও একটার পর একটা ছবি হাতে নিচ্ছেন। আপাতত তিনি এসভিএফ ও জিও স্টুডিওজের প্রযোজনায় সুমন ঘোষের 'কাবুলিওয়ালা' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। সে দিক থেকে সোহম অনেকটা ফাঁকাই রয়েছেন।
এখন দেখার, নিজেদের হাতের কাজগুলি সেরে দেব ও মিঠুন কবে সোহমকে নতুন ছবির জন্য সময় দেন। এদিকে মিঠুন টলিউডে ফিরে নিজের পারিশ্রমিক অনেকটাই বাড়িয়েছেন। সেক্ষেত্রে সোহম আদৌ শেষ পর্যন্ত তাঁকে ছবিতে রাখতে পারবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত কিছুই জানা যায়নি। তবে অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পারিশ্রমিক এই কাজে অন্তরায় হয়ে দাঁড়াবে না।
‘একটাই ব্যোমকেশ করব ভেবেছিলাম’, ছবির সাফল্যে কি মত পাল্টালেন দেব!