
ফাইল চিত্র
শেষ আপডেট: 4 January 2025 12:31
দ্য ওয়াল ব্যুরো: গোটা একটা বছর কেটে নতুন বছর শুরু হল, কিন্তু জল্পনা একই জায়গায়। বলিউডে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের ডিভোর্স নিয়ে গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে বাস্তব যেন একেবারেই অন্য কথা বলছে। একের পর এক মুহূর্তে তাঁরা প্রমাণ করছেন, তাঁদের সম্পর্ক ঠিক আগের মতোই মজবুত। ফলে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক রকম কথা হলেও, তাঁরা যে একে অপরের সঙ্গে বেশ ভালই আছেন, তা স্পষ্ট।
সম্প্রতি মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন অভিষেক ও ঐশ্বর্যা। তাঁদের সঙ্গে ছিলেন আরাধ্যাও। অনুষ্ঠানে মেয়ে যখন মঞ্চে পারফর্ম করছিল, তখন একসঙ্গে বসে স্নেহমাখা চোখে সেই মুহূর্ত উপভোগ করতে দেখা যায় এই তারকা দম্পতিকে। এমনকি, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, অভিষেক নিজের হাতে ঠিক করে দিচ্ছেন ঐশ্বর্যার ওড়না। এই দৃশ্য দেখে নিন্দুকদের মুখে কার্যত তালা লেগেছে।
View this post on Instagram
বর্ষবরণের ছুটি কাটিয়ে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তারপরেই থেকেই নেটপাড়া কিছুটা শান্ত। তবে কি এত দিনের সমস্ত জল্পনার সমাপ্তি হল! প্রশ্ন উঠছে। এমনটা ধরাই যায় যে, উড়ে গেল ডিভোর্সের সমস্ত গুঞ্জন। জানা গিয়েছে, ছুটি কাটিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে তাঁরা বাড়ি ফিরেছেন।
আরাধ্যার জন্মদিনের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক ও ঐশ্বর্যাকে। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের পাশে দাঁড়িয়ে ভালোবাসায় ভরা মুহূর্ত তৈরি করেছেন তাঁরা। তবু গুঞ্জন থেমে নেই। কখনও শোনা যায়, সম্পত্তি নিয়ে অশান্তি। কখনও জুনিয়র বচ্চনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্যা নাকি মেয়েকে নিয়ে আলাদা থাকছেন।
তবে সাম্প্রতিক কিছু ঘটনা এবং ভিডিও এই সব গুজবকে মিথ্যে প্রমাণ করছে। অভিষেক ও ঐশ্বর্যা তাঁদের সম্পর্কের ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কীভাবে একে অপরের পাশে রয়েছেন তাঁরা। অবশ্য, আরাধ্যার স্কুল অনুষ্ঠানে অমিতাভ বচ্চন এলেও জয়া বচ্চনকে এক ঝলকের জন্যও দেখা যায়নি।