
বাংলাদেশ এখনও উত্তাল
শেষ আপডেট: 19 July 2024 17:51
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলন অব্যাহত। সরকার আশা করেছিল, শুক্রবার ছুটির দিনে আন্দোলনের তেজ কমে আসবে। শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে কোটা মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু শুক্রবার থেকে সরকার সভা-সমিতির উপর নিষেধাজ্ঞা জারি করলেও সংঘর্ষে লাগাম দেওয়া যায়নি। ঢাকায় শুক্রবার তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পুলিশের গুলিতেই তাঁদের মৃত্যু হয়েছে কি না সে বিষয়টি নিশ্চিত করা যায়নি।
বৃহস্পতিবার সংঘর্ষে ২৭ জন নিহত হন। তাঁদের ১৯ জনই ঢাকায় মারা গিয়েছেন। বাকিরা রাজশাহী, চট্টগ্রাম, সিলেটের বাসিন্দা। মঙ্গলবার মারা যান ছয়জন। অর্থাৎ চলমান আন্দোলনে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৩৬ জনের।
নিহতদের মধ্যে একজন সাংবাদিক, একজন রিকশচালক এবং বেশ কয়েকজন পথচারী আছেন। শুক্রবার নিহতদের একজন পথচারী। তিনি ঢাকার একটি হোটেলে প্লাম্বারের কাজ করতেন। হেঁটে অফিস যাওয়ার পথে গুলিবিদ্ধ হন তিনি।
এদিকে, বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি। বহু জায়গায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। সংবাদমাধ্যমের পরিষেবা কিছুটা ফেরানো হয়েছে। তবে সরকারি টেলিভিশন বি-টিভি'র সম্প্রচার শুক্রবারও শুরু হয়নি। বৃহস্পতিবার বিকালে আন্দোলনকারীরা টিভি ভবনে আগুন ধরিয়ে দেয়।
শুক্রবার সরকার দেশে মিটিং-মিছিল নিষিদ্ধ করলেও তাতে রাশ টানা যায়নি। ঢাকা সহ একাধিক শহর এখনও অশান্ত। বৃহস্পতিবার মোট ৫৪টি জেলায় পুলিশ ও ছাত্র লিগ সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। শুক্রবার কিছু জেলা শান্ত।