
শেষ আপডেট: 11 January 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবের মতো জনপ্রিয় মাধ্যমে এমন অনেক কন্টেন্ট ছড়িয়ে আছে, যা বাচ্চাদের জন্য ক্ষতিকর! বিপজ্জনক স্টান্ট, রক্তারক্তির ভিডিও তো আছেই, তাছাড়া বেশ কিছু অশালীন ভিডিও আছে। ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এমন ভিডিও বাচ্চাদের মনে কুপ্রভাব ফেলছে বলেও অভিযোগ ওঠে। এই ব্যাপারে ইউটিউব কিছু কড়া পদক্ষেপ করেছে। বেশকিছু এমন অশালীন কন্টেন্ট চিহ্নিত করে সেগুলো ডিলিট করেছে। কিন্তু তাতেও রাশ টানা যাচ্ছে না। এবার এ ব্যাপারে উদ্যোগ নিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন।
সম্প্রতি ইউটিউবে মা-ছেলের কিছু অশালীন ভিডিও খুব ভাইরাল হয়েছে। তা বাচ্চাদের নজরেও পড়ছে। এবার এই বিষয় নিয়ে ইউটিউব ইন্ডিয়াকে নোটিস পাঠাল জাতীয় সুরক্ষা কমিশন। আগামী ১৫ জানুয়ারি এই সংস্থার প্রধানকে তলব করা হয়েছে বলেও খবর। জানা যাচ্ছে, ইউটিউব ইন্ডিয়ার প্রধান মীরা চট্টকে নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে এমন চ্যানেল খুঁজে বের করতে হবে, যেখানে অশালীন ভিডিও আছে। তার তালিকা বানাতে হবে।
জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রধান প্রিয়ঙ্ক কানুনগো জানান, দিনে দিনে ইউটিউবে অশালীন ভিডিও-র সংখ্যা বাড়ছে। বিশেষত, মা ও ছেলের যে ধরনের ভিডিও ছড়াচ্ছে তা একেবারেরই কাঙ্খিত নয়। তিনি আরও বলেন, 'এইসব ভিডিও-র বিরুদ্ধে ইউটিউবকেই ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের জেলে পাঠানো হবে। এই ধরনের ভিডিয়োর প্রচার পর্ন বিক্রির সমান।'
সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি ইউটিউবে বেশকিছু চ্যালেঞ্জ ভিডিও সামনে আসছে। বেশিরভাগ ভিডিও-তে দেখা যাচ্ছে, মহিলা ও কিশোরের কিছু ঘনিষ্ঠ দৃশ্য। সেখানে বলা হচ্ছে ওই মহিলা ও কিশোর সম্পর্কে মা-ছেলে! এইসব ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন।