নিয়মিত পেনশন পেতে নভেম্বরের মধ্যেই জমা দিন আপনার জীবন প্রমাণপত্র। নচেৎ মাস গেলে অ্যাকাউন্টে ঢুকবে না সেই বহু প্রতীক্ষিত পেনশনের টাকাটি!

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 15 October 2025 19:40
দ্য ওয়াল ব্যুরো: পেনশনপ্রাপকদের (Pension) জন্য বড়সড় ঘোষণা করল পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ। নিয়মিত পেনশন পেতে হলে আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২৫-এর মধ্যে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC)। এই নির্দেশ (Big instructions) ইতিমধ্যেই দেশের প্রায় ২ হাজার জেলা ও মহকুমা সদর দফতরে পৌঁছে গিয়েছে।
যাঁদের বয়স ৮০ বছরের বেশি, তাঁরা সুবিধা পাবেন আগেই, ১ অক্টোবর থেকেই জমা দিতে পারবেন তাঁদের জীবন প্রমাণপত্র। তবে বাকিদের জন্য সময়সীমা এক মাস, নভেম্বর মাসের মধ্যেই জমা না দিলে পেনশন আটকে যেতে পারে, জানাচ্ছে সংশ্লিষ্ট দফতর।
কী এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট? একটি আধার-ভিত্তিক বায়োমেট্রিক প্রমাণপত্র, যা দেখিয়ে প্রমাণ করতে হয় পেনশনভোগী এখনও জীবিত। বছরে একবার এটি জমা দেওয়া বাধ্যতামূলক। সার্টিফিকেট তৈরির জন্য প্রয়োজন - আধার নম্বর বা ভার্চুয়াল আইডি (VID), নাম, মোবাইল নম্বর, পেনশন সংক্রান্ত তথ্য (PPO নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস)।
কোথায় ও কীভাবে জমা দেবেন? সরকার এই উদ্যোগে যুক্ত করেছে দেশের ১৯টি বড় পেনশন বিতরণকারী ব্যাঙ্ক, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB), পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (PWA), রেলওয়ে, টেলিকম বিভাগ ও UIDAI-কে।
প্রধান শহরগুলির ব্যাঙ্ক শাখা ও ডাকঘরে বিশেষ শিবির করা হচ্ছে। অসুস্থ বা অক্ষম পেনশনভোগীদের জন্য রয়েছে ডোরস্টেপ পরিষেবা- পোস্টম্যান বা IPPB-এর কর্মী পৌঁছে যাবেন বাড়িতে।
কীভাবে জমা দেবেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট? অনলাইনে ‘Jeevan Pramaan’ পোর্টালের মাধ্যমে, মোবাইল অ্যাপ ব্যবহার করে, IPPB-এর পোস্টম্যানের মাধ্যমে বা ব্যাঙ্ক বা ডাকঘরের লাইফ সার্টিফিকেট ক্যাম্পে গিয়ে।
যাঁরা এখনো আধার কার্ড লিঙ্ক করাননি, তাঁদের অবিলম্বে সেই কাজটি সেরে ফেলার পরামর্শ দিচ্ছে সরকার। কারণ আধার ছাড়া ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি সম্ভব নয়।
পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের পরামর্শ, তাই আর দেরি নয়। নিয়মিত পেনশন পেতে নভেম্বরের মধ্যেই জমা দিন আপনার জীবন প্রমাণপত্র। নচেৎ মাস গেলে অ্যাকাউন্টে ঢুকবে না সেই বহু প্রতীক্ষিত পেনশনের টাকাটি!