
আগরতলা স্টেশনে বাজেয়াপ্ত মাদক
শেষ আপডেট: 18 November 2024 13:38
দ্য ওয়াল ব্যুরো: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় রেলের। এবার ট্রেন থেকেই উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকারও বেশি বলে খবর। ঘটনায় ইতিমধ্যে দু’জনকে পাকড়াও করেছে রেল পুলিশ।
মাদকের চোরাচালান রুখতে নভেম্বরের প্রথম থেকেই ত্রিপুরার বিভিন্ন স্টেশনে যৌথভাবে চিরুনি তল্লাশি শুরু করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জিআরপি ও আরপিএফ।
রবিবার রাতে তল্লাশি চালিয়ে আগরতলা স্টেশন থেকে কমপক্ষে ২৪ কার্টুন গাঁজা উদ্ধার করা হয় বলে খবর। ইতিমধ্যে মাদক পাচারের অভিযোগে বিহারের দুই বাসিন্দাকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের নাম বিট্টু কুমার (২৭) ও অঙ্কুল কুমার (২৩)।
তদন্তকারীরা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে আগরতলা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২৮২ প্যাকেট গাঁজা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আগরতলা থেকে বিহারে দেওঘর এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের ছক ছিল তাঁদের। সেই উদ্দেশেই এদিন জড়ো হয়েছিল অভিযুক্তরা। ট্রেনে মাদক তোলার কাজও শেষ হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বাধ সাধে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৫.৭৬ লাখ টাকা। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
শুধু রবিবারই নয় রেলওয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১১.১৪ লাখ টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। তবে রবিবার এত বিপুল পরিমাণ মাদক উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।