
শেষ আপডেট: 3 December 2023 08:00
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বর মাস জুড়ে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। তার পর আজ রবিবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড় ও তেলেঙ্গানায় ভোট গণনা হবে রবিবার। একমাত্র মিজোরামে সোমবার গণনা হবে ভোটের।
প্রথা মাফিক প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। এর পর ইভিএমের ভোট গোণা শুরু হবে। আশা করা হচ্ছে, সকাল সাড়ে ১০টা-১১টা নাগাদ মোটামুটিভাবে ট্রেন্ড স্পষ্ট হয়ে যাবে।
সেই গণনা ও চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে এক নজরে দেখে নেওয়া যাক এই চার রাজ্যে সম্ভাব্য ফলাফল নিয়ে এক্সিট পোল তথা বুথ ফেরত সমীক্ষায় কী বলা হয়েছিল?
গত এক দশকের বেশি সময় ধরে দেখা গিয়েছে, দুটি সমীক্ষা সংস্থা ধারাবাহিক ভাবে প্রায় সঠিক পূর্বানুমান করছে। ওই দুই সংস্থা হল, অ্যাক্সিস মাই ইন্ডিয়া ও টুডেজ চাণক্য। তাই তাদের সমীক্ষায় তুলে ধরা হল।
মধ্যপ্রদেশ
অ্যাক্সিস এবং চাণক্য দুজনের সমীক্ষা দাবি করেছে, মধ্যপ্রদেশে কংগ্রেস যতটা ভাল ফল আশা করেছিল, তা অধরাই থেকে যাবে। তাদের মতে, এবারও শিবরাজ সিংহ চৌহান সেখানে সরকার গড়তে চলেছেন। মধ্যপ্রদেশ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৩০। অ্যাক্সিসের সমীক্ষা বলছে, এই রাজ্যে বিজেপি পেতে পারে ১৪০ থেকে ১৬২ টি আসন। চাণক্যর দাবি, মধ্যপ্রদেশে বিজেপি কমবেশি ১৫১টি আসনে জিতবে। অ্যাক্সিসের মতে, কংগ্রেস জিততে পারে ৬৮ থেকে ৯০ টি আসন। চাণক্যর দাবি, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে কমবেশি ৭৪টি আসন। মোদ্দা কথায়, অ্যাক্সিস ও চাণক্য দু'জনেরই মত হল, মধ্যপ্রদেশে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি।
রাজস্থান
গত ত্রিশ বছর ধরে রাজস্থানে প্রতি ৫ বছর অন্তর সরকার বদল হয়। তাই এবার সেখানে কংগ্রেসের পরাজয় অনিবার্য বলে মনে করছিলেন অনেকে। রাজস্থান বিধানসভায় মোট ১৯৯টি আসনে ভোট হয়েছে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য ১০০টি আসনে জিততে হবে। অ্যাক্সিস-মাই-ইন্ডিয়ার সমীক্ষার মতে, রাজস্থানে কংগ্রেস ৮৬টি থেকে ১০০টি আসনে জিততে পারে। চাণক্যর মতে, কমবেশি ১০১টি আসনে জিততে পারে কংগ্রেস। অ্যাক্সিসের সমীক্ষা বলছে, রাজস্থানে বিজেপি জিততে পারে ৮০ থেকে ১০০টি আসনে। চাণক্যর দাবি, রাজস্থানে বিজেপি কমবেশি ৮৯টি আসন পেতে পারে। অর্থাৎ দুটি সমীক্ষার মতে, রাজস্থানের ভোটে ৫ বছর অন্তর পরিবর্তনের যে ধারা ছিল, তা এবার ভেঙে গেলে অবাক হওয়ার কিছু নেই। চাণক্যর হিসাবে বিজেপি ৩৯ শতাংশ এবং কংগ্রেস ৪১ শতাংশ ভোট পেতে পারে।
ছত্তীসগড়
মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হওয়া এই রাজ্যে বিধানসভায় মোট আসন রয়েছে ৯০টি। সরকার গড়তে ৪৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। অ্যাক্সিসের সমীক্ষা বলছে, এই রাজ্যে কংগ্রেস পেতে পারে ৪৬ থেকে ৫০টি আসন। আর বিজেপি ৩৬ থেকে ৪৬টি আসনে জিততে পারে। চাণক্যর মতে, ছত্তীসগড়ে কংগ্রেস কমবেশি ৫৭টি আসনে জিততে পারে। বিজেপি পেতে পারে কমবেশি ৩৩টি আসন। অর্থাৎ ছত্তীসগড়ে কংগ্রেসকে সামান্যই এগিয়ে রেখেছে অ্যাক্সিস। কিন্তু চাণক্য মনে করছে, স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে কংগ্রেস।
তেলেঙ্গানা
তেলেঙ্গানায় ভোট গ্রহণ হয়েছে বৃহস্পতিবার। এই রাজ্যে বিধানসভায় মোট ১১৯টি আসন রয়েছে। মোটামুটিভাবে এবার বিধানসভা ভোটে তেলেঙ্গানার নির্বাচনে একটা স্পষ্ট মেরুকরণ দেখা গিয়েছে। তা হল, চন্দ্রশেখর রাওয়ের পার্টি বিআরএস বনাম কংগ্রেস। চাণক্য জানিয়েছে, তাদের হিসাবে তেলেঙ্গানায় কংগ্রেস স্যুইপ করতে পারে। কংগ্রেস পেতে পারে ৬২ থেকে ৮০টি আসন। তুলনায় ২৪ থেকে ৪২টি আসনে জিততে পারে চন্দ্রশেখরের দল। অ্যাক্সিসের ধারণাও তাই। তারা মনে করছে, কংগ্রেস ৪২ শতাংশ ভোট এবং ৬৮টি আসনে জিততে পারে। তুলনায় চন্দ্রশেখরের পার্টি ৩৬ শতাংশ ভোট এবং ৩৯টি আসনে জিততে পারে।
বুথ ফেরত সমীক্ষার পালা চুকে গেছে। রবিবার প্রকৃত ফল জানা যাবে। এও বোঝা যাবে কোথায় কার সমীক্ষা পাশ করল, কার সমীক্ষা ফেল।