
শেষ আপডেট: 27 January 2024 13:39
দ্য ওয়াল ব্যুরো: জ্ঞানবাপী মসজিদ নিয়ে বড় দাবি তুলে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের প্রবীণ বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর দাবি, মুসলিমদের উচিত হবে বারাণসীর ওই মসজিদের জমি হিন্দু পক্ষের হাতে তুলে দেওয়া।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় রিপোর্টের প্রেক্ষিতে এই কথা বলেছেন গিরিরাজ। বারাণসীর আদালতে সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ নিয়ে রিপোর্ট জমা দিয়েছে এএসআই।
আদালত এখনও ওই রিপোর্ট নিয়ে কোনও পদক্ষেপ না করলেও সেটি ফাঁস করে দিয়েছেন হিন্দু পক্ষের আইনজীবী।
সেই রিপোর্ট বলা হয়েছে, মসজিদের পশ্চিম দিকের নির্মাণের মধ্যে হিন্দু মন্দিরের অংশ রয়েছে।
সেই রিপোর্ট নিয়ে হিন্দুত্ববাদী কোনও সংগঠন এখনও প্রতিক্রিয়া দেয়নি। বিশ্ব হিন্দু পরিষদের ছত্রছায়ায় থাকা একাধিক সংগঠন বারাণসী এবং মথুরার মসজিদ সরিয়ে নিতে মামলা করেছে। কিন্তু বিশ্বহিন্দ পরিষদ এএসআই প্রকাশিত রিপোর্ট সম্পর্কে একটি বাক্যও খরচ করেনি।
বস্তুত গোটা হিন্দুবাদী শিবিরের একমাত্র গিরিরাজই দাবি তুলেছেন মুসলিমরা জ্ঞানবাপী মসজিদের জমি হিন্দুদের হাতে তুলে দিক।
তিনি বলেন, 'অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। অযোধ্যার পর কাশী ও মথুরার মন্দির পুনরুদ্ধার করা হবে, এই কথা আগেই বলা হয়েছিল। জ্ঞানবাপী নিয়ে এএসআইয়ের রিপোর্ট প্রকাশের পর মুসলিমদের উচিত হবে মসজিদের জায়গা হিন্দুদের হাতে তুলে দেওয়া।'
বিতর্কিত মন্তব্য করার জন্য পরিচিত গিরিরাজ বলেন, 'স্বাধীনতার পর ভারতে একটিও মসজিদ ভাঙ্গা হয়নি। অন্যদিকে, পাকিস্তানে একটিও হিন্দু মন্দির অবশিষ্ঠ নেই।'
মোদীর মন্ত্রীর এই বক্তব্যে অবশ্য অনেকেই বিস্মিত। অযোধ্যায় যে জমিতে রাম মন্দির তৈরি হয়েছে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত সেখানে বাবরি মসজিদ ছিল। হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, মোঘল সম্রাট বাবরের সময় রাম মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছিল। উগ্র হিন্দু করসেবকরা ওই মসজিদ ভেঙে ফেলে।
প্রবীণ এই বিজেপি নেতা অবশ্য বলেছেন, মন্দির মসজিদ বিবাদ নিয়ে কেউ যেন সাম্প্রদায়িক উস্কানি না দেন। তিনি চান শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান হোক।