
প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 September 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ নয়, জনতা নয়, হনুমানের পাল নাবালিকাকে ধর্ষিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল। ৬ বছরের আপার কেজিতে পড়া ওই নাবালিকাকে ধর্ষণ করতে যাওয়ার একেবারে শেষ মুহূর্তে সেখানে হানা দেয় একদল হনুমান। আর সেই বজরঙ্গবলির দলের ভয়েই পালিয়ে যায় অভিযুক্ত। রক্ষা পায় একরত্তি শিশুটি।
ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। বাগপত জেলার ডৌলা গ্রামের এই ঘটনাটি ঘটে শনিবার। রবিবার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
মেয়েটির বাবা-মায়ের কথা অনুযায়ী, অভিযুক্ত মেয়েটিকে লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সে তার জামাকাপড় খুলে ফেলে। ঠিক যখন তাকে ধর্ষণ করতে যাবে, সেই সময় হঠাৎ করে সেখানে হানা দেয় একপাল হনুমান। তারা ওই লোকটির উপর হামলা করে। ভয়ে মেয়েটিকে ওখানে ফেলেই সে পালিয়ে যায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাচ্চাটি ভয়ে জড়োসড়ো হয়ে ঘরে ফিরে এসে সবকিছু জানায়। তার মুখ থেকেই জানা যায়, কীভাবে হনুমানের দল তাকে ধর্ষণের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। মেয়েটির বাবা একটি সংবাদমাধ্যমকে বলেন, আমার মেয়ে বাইরে খেলছিল। সেই সময় অভিযুক্ত তাকে পরিত্যক্ত একটি বাড়িতে ফুসলিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি লোক তাঁর মেয়েকে নিয়ে সরু গলি দিয়ে হেঁটে যাচ্ছে। যদিও তাকে শনাক্ত করা যায়নি। ওই লোকটি আমার মেয়েকে আমাকে খুন করার ভয় দেখিয়েছিল। তাঁর অভিযোগ, ওই সময় হনুমানের দল চলে না এলে আমার মেয়েকে হয়তো মেরেই ফেলা হতো।