
সত্যেন্দ্র জৈন
শেষ আপডেট: 6 July 2024 22:00
দ্য ওয়াল ব্যুরো: টাকা নয়ছয়ের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়ে এখন তিনি জেলবন্দি। তবে দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিপদ আরও বাড়ল। কারণ তাঁর বিরুদ্ধে নতুন করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এই ইস্যুতে সত্যেন্দ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর ভিকে সাক্সেনা।
ভারত ইলেকট্রলিক্স লিমিটেড (বিইএল)-এর থেকে সাত কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে। বিইএল-এর এক কর্মচারীই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। যদিও অভিযোগ করা হয়েছিল ২০১৯ সালে। তাহলে এত পরে তদন্তের নির্দেশ কেন? সূত্রের খবর, ওই ঘটনার প্রেক্ষিতে এখন কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। তাই তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর। দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে এই বিষয়ের তদন্ত করবেন এসিবি অফিসাররা।
বিইএল-এর থেকে কিসের প্রেক্ষিতে টাকা নেওয়ার অভিযোগ উঠছে সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে? জানা গেছে, বিইএল-কে একসময়ে ১৬ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। সেই জরিমানা মকুবের জন্য তৎকালীন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের দ্বারস্থ হন সংস্থার কর্তারা। অভিযোগ, সেই জরিমানা মকুব করার আশ্বাস দিয়ে তাঁদের থেকে সাত কোটি টাকা ঘুষ চান সত্যেন্দ্র।
আবগারি মামলায় এখনও জেল থেকে ছাড়া পাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার মধ্যেই নতুন করে সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আম আদমি পার্টি। তাঁদের বক্তব্য, এটা বিজেপির রাজনৈতিক হিংসা ছাড়া কিছুই নয়। দিল্লি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই এমন কাজ করছে কেন্দ্র। তাঁদের স্পষ্ট কথা, সত্যেন্দ্রর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে যা মিথ্যে।